ধর্ষণের শিকার ছাত্রীর পরিবারকে হুমকি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বারগাঁও গ্রামে ধর্ষণের শিকার নবম শ্রেণিতে অধ্যয়নরত এক মাদ্রাসাছাত্রীর পরিবারকে মামলা প্রত্যাহারের চাপসহ নানা হুমকি দেওয়া হচ্ছে।
ধর্ষণের মামলার এজাহারভুক্ত আসামি একই গ্রামের বাসিন্দা ওসমান গণির লোকেরা এ হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ২২ অক্টোবর গভীর রাতে গ্রামের বখাটে তরুণ সুমন মিয়া ও ওসমান গণি ওই ছাত্রীকে তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাতভর ধর্ষণ করে। ২৩ অক্টোবর রাতে ছাত্রীর মা সুমন ও ওসমান গণিকে আসামি করে থানায় মামলা করেন। রাতেই পুলিশ ওসমানকে গ্রেপ্তার করে।
ছাত্রীটির মামা অভিযোগ করেন, মামলা করার পর ছাত্রীটির মাকে নানাভাবে হুমকি দিচ্ছে ওসমানের ভগ্নিপতি মনির হোসেন ও তাদের লোকজন। তারা তাঁকেসহ তাঁর বোনকে মামলা প্রত্যাহারের চাপ এবং দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তাদের (ছাত্রীটির) ঘরও পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এতে তাঁর ভাগনি, বোন, ভগ্নিপতিসহ পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি জানান, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
মতলব দক্ষিণ থানার ওসি কবির হোসেন জানান, হুমকির ব্যাপারে এখনো কেউ কিছু জানায়নি।