ধর্ষণের শিকার তরুণীকে বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাত পোহালেই বিয়ে হওয়ার কথা তরুণীটির। বিয়ের আগের দিন গত শনিবার হবু স্বামীর সঙ্গে আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন তিনি। পথে চার যুবক তাঁকে অপহরণ করে সারা রাত ধর্ষণ করে। গত রোববার পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী ওই তরুণীকেই বিয়ে করেছেন ছেলেটি।
ঘটনাটি ময়মনসিংহের নান্দাইল উপজেলার। বিয়ের পর তরুণীটির স্বামী তাঁর স্ত্রীকে নিয়ে থানায় ওই চারজন যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন। গতকাল সোমবার সকালে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে ধর্ষণের ঘটনার সত্যতা পান।
পুলিশ হেফাজতে থাকা তরুণী বলেন, তিনি ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাঁর বাড়ি বেতাগৈর ইউনিয়নে। গত শনিবার সন্ধ্যার দিকে হবু স্বামীর সঙ্গে ত্রিশাল উপজেলায় তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে চার যুবক তাঁদের পথরোধ করেন। একপর্যায়ে তাঁর হবু স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে একটি নির্জন চরে নিয়ে যান। সেখানে সারা রাত আটক রেখে তাঁকে গণধর্ষণ করা হয়। রোববার ভোরে তিনি ওই যুবকদের কাছ থেকে ছাড়া পেয়ে গ্রাম পুলিশের এক সদস্যের সহায়তায় বেতাগৈর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেন সরকারের বাড়িতে পৌঁছে ঘটনাটি জানিয়ে বিচার দাবি করেন। খবর পেয়ে তাঁর হবু স্বামী চেয়ারম্যানের বাড়িতে গিয়ে তাঁকে বিয়ে করার কথা জানান। পরে ইউপি চেয়ারম্যান উভয় পক্ষের অভিভাবকদের সম্মতি নিয়ে বিবাহ নিবন্ধনকারীকে ডেকে তাঁদের বিয়ে পড়িয়ে দেন।
মেয়েটির স্বামী বলেন, ‘ওর সম্মান রক্ষা করতে পারিনি। তাই তাঁকে স্ত্রীর মর্যাদা দিয়ে কিছুটা ক্ষতি পূরণ করলাম।’ পরে তিনি স্ত্রীকে নিয়ে নান্দাইল থানায় এসে চার যুবকের বিরুদ্ধে অভিযোগ দেন।