ধর্ষণের শিকার নারীর আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ধর্ষণের শিকার হয়ে লজ্জায় এক গৃহবধূ (৩৫) গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। চিকিৎসার অভাবে বর্তমানে ওই নারী বাড়িতে মৃত্যুর প্রহর গুনছেন।
গৃহবধূ সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, স্বামীর চাচাতো ভাই ও এক পল্লিচিকিৎসক তাঁকে বিভিন্ন সময়ে ধর্ষণ করেন। গত শুক্রবার রাতে স্বামীর চাচাতো ভাইয়ের সহযোগিতায় পল্লিচিকিৎসক তাঁকে ধর্ষণ করার সময় ছোট মেয়ে (১৩) দেখে ফেলে। ওই রাতে লজ্জায় তিনি গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।
গৃহবধূ মুঠোফোনে বলেন, ‘খুলনা মেডিকেল থেকে চিকিৎসকেরা আমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিতে যেতে বলেছেন। টাকার অভাবে ঢাকা না নিয়ে বাবার বাড়িতে নিয়ে আসা হয়েছে। আমি হয়তো বাঁচব না।’
ওই নারীর স্বামী খুলনায় দিনমজুরের কাজ করেন। তিনি বলেন, শুক্রবার রাতে স্ত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসকেরা রোববার তাঁর স্ত্রীকে ঢাকায় নিতে বলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেন। টাকার অভাবে স্ত্রীকে ঢাকায় নেওয়া হয়নি।
পল্লিচিকিৎসক মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি গৃহবধূকে স্যালাইন দিতে তাঁর বাড়িতে গিয়েছিলাম। এ সময় তাঁর স্বামীর চাচাতো ভাই আমার সঙ্গে ছিলেন।’ এ ব্যাপারে জানতে চাচাতো ভাইয়ের মুঠোফোনে কয়েকবার ফোন করলেও তিনি ধরেননি।
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, ‘আমি গৃহবধূর স্বামীর কাছে এ ঘটনা শুনেছি। গৃহবধূর মুখে অভিযোগ শুনে তারপর আইনানুগ ব্যবস্থা নেব।’