ধর্ষণের শিকার পাঁচ ছাত্রীর পড়াশোনা বন্ধ

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বিভিন্ন এলাকায় ধর্ষণের শিকার হওয়া পাঁচ ছাত্রীর পড়াশোনা বন্ধ হয়ে গেছে। গত পাঁচ মাসে উপজেলার পাঁচটি এলাকায় মাধ্যমিক পর্যায়ের তিনজন ও দুজন কলেজছাত্রী ধর্ষণের শিকার হয়।
আজ মঙ্গলবার থেকে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ে একযোগে অভিন্ন প্রশ্নে বার্ষিক পরীক্ষা এবং কলেজগুলোতে নির্বাচনী পরীক্ষা শুরু হয়েছে। ধর্ষণের শিকার হওয়া ওই পাঁচ ছাত্রীর কেউই এসব পরীক্ষায় অংশ নেয়নি বলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও অভিভাবকেরা এ প্রতিনিধিকে নিশ্চিত করেছেন।
ধর্ষণের পাঁচ ঘটনায় চারটিতে মামলা হয়েছে। একটি ঘটনা স্থানীয়ভাবে মীমাংসা করা হয়েছে। দুই মামলায় দুই আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে থাকলেও বাকি দুটি মামলার কোনো আসামিকে পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় তারা পড়াশোনা বন্ধ করে দিয়েছে বলে জানা গেছে।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ জুন এক জেএসসি পরীক্ষার্থীকে নাছির উদ্দিন (৪০) নামের এক প্রতিবেশী বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এরপর মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এলাকাবাসী গত ২৪ আগস্ট সালিস বৈঠকে দেড় লাখ টাকায় ঘটনার মীমাংসা করে। মেয়েটির পরিবার মাত্র এক লাখ টাকা বুঝে পেয়েছে। মেয়েটির চাচা জানান, গর্ভপাত ঘটানোর কারণে অল্প বয়সী মেয়েটি অসুস্থ থাকায় এবারের জেএসসি পরীক্ষায় সে অংশ নিতে পারেনি। ওই শিক্ষার্থীর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, মেয়েটির মা প্রবেশপত্র নিলেও শেষ পর্যন্ত মেয়েটি পরীক্ষায় অংশ নেয়নি।
লিটন মিয়া (৪২) নামের আওয়ামী লীগের স্থানীয় নেতার ছেলে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে ও ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করেন বলে অভিযোগ ওঠে। পরে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি মেয়েটিকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটি ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ ঘটনায় ৮ সেপ্টেম্বর থানায় মামলা হয়। মামলার পাঁচ দিন পর লিটন টাঙ্গাইল আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান। ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে বিদ্যালয়ে অনুপস্থিত বলে তার স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন।
সপ্তম শ্রেণির এক ছাত্রীকে তার আপন খালু সমেশ উদ্দিন (৪০) বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর থানায় মামলা করা হলেও পুলিশ আসামি সমেশ উদ্দিনকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে ওই শিক্ষার্থীও লেখাপড়া বন্ধ করে দিয়েছে।
বিয়ের প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে তার আপন খালাতো ভাই শাহীন খান (২১) ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে তাঁর বিরুদ্ধে গত ২৭ সেপ্টেম্বর থানায় মামলা করা হলেও অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পর থেকে ওই ছাত্রীও পড়াশোনা বন্ধ করে দিয়েছে।
বাদল মিয়া (৪২) নামের এক বখাটে সাত মাস আটকে রেখে এক কলেজছাত্রীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। ৩১ জুলাই মেয়েটিকে তার বাবা-মা উদ্ধার করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ৫ আগস্ট বাদলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। প্রায় সাত মাস নির্জন ঘরে আটক থাকায় ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় সে অংশ নিতে পারেনি। ২০১৮ সালের এইচএসসি পরীক্ষার নির্বাচনী পরীক্ষা শুরু হলেও মেয়েটি অসুস্থ থাকায় এবারও পরীক্ষা দিতে পারছে না বলে মেয়েটির বাবা জানিয়েছেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ধর্ষণের দুটি মামলায় অভিযুক্ত দুই আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুটি মামলার আসামিদের শিগগিরই গ্রেপ্তার করা হবে।