ধর্ষণের শিকার পোশাকশ্রমিক এক সপ্তাহ নিখোঁজ
ঢাকার সাভারের হেমায়েতপুর এলাকায় একজন পোশাকশ্রমিক ধর্ষণের শিকার হওয়ার পরদিন থেকে নিখোঁজ রয়েছেন। পুলিশ গত প্রায় এক সপ্তাহেও তাঁকে উদ্ধার করতে পারেনি।
ধর্ষণের শিকার ওই নারী হেমায়েতপুরের বদরুন্নেছা সোয়েটার নামের একটি পোশাক কারখানায় চাকরি করতেন। তাঁর গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরে। ঘটনার পর তাঁর বড় ভাই সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। কিন্তু গতকাল সোমবার পর্যন্ত তা মামলা হিসেবে লিপিবদ্ধ হয়নি।
ধর্ষণের শিকার নারীর বড় ভাই বলেন, রাতের পালার কাজ করার সময় গত ২৫ আগস্ট রাত সাড়ে নয়টার দিকে তাঁর বোন কারখানার নিচতলায় শৌচাগারে যান। এ সময় শৌচাগারের পাশেই কারখানার বয়লার কক্ষে কর্মরত বৈদ্যুতিক মিস্ত্রি ইউনুস আলী তাঁর বোনকে কৌশলে সেখানে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এরপর ইউনুস তাঁর বোনকে ঘটনাটি প্রকাশ না করার জন্য নানা ভয়ভীতি দেখান। ঘটনার পর তাঁর বোন বিষয়টি পরিবারের সদস্যদের জানালেও ভয় ও লজ্জায় কারখানা কর্তৃপক্ষকে জানানো থেকে বিরত থাকেন।
ওই ভাই জানান, ঘটনার পরদিন সকালে তাঁর বোন কর্মস্থলে যান। কিন্তু তারপর আর বাসায় ফেরেননি। এরপর তিনি বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি গত শনিবার সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেন। এতে তিনি ইউনুসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগসহ তাঁর বোন নিখোঁজ থাকার কথা উল্লেখ করেন।
ধর্ষণের শিকার নারীর খালাতো ভাই অভিযোগ করেন, থানায় অভিযোগ করার পর ওই দিন রাতে (শনিবার) সাভারে চামড়াশিল্পনগর পুলিশ ফাঁড়ির এসআই নাসির উদ্দিন শেখ কারখানা থেকে ইউনুসকে ধরে নিয়ে কয়েক ঘণ্টা পর ছেড়ে দেন।
কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) ওয়াহিদুল ইসলাম বলেন, গত বুধবার দুপুরের খাবারের বিরতির সময় ওই নারী কারখানা থেকে বের হয়ে আর কর্মস্থলে আসেননি। এরপর থেকে মেয়েটির স্বজনেরা বৈদ্যুতিক মিস্ত্রি ইউনুস আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করছেন। তবে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে কি না, কারখানা কর্তৃপক্ষের তা জানা নেই। এসআই নাসির উদ্দিন শেখ বলেন, তদন্তের স্বার্থে ইউনুসকে ফাঁড়িতে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। কোনো তথ্য না পাওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।