ধর্ষণের শিকার মেয়েটির পরিবার উল্টো বিপাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে গত বছর তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছিল। এ ঘটনায় মামলার খরচের টাকা জোগাড় করতে গিয়ে পরিবারটি হিমশিম খাচ্ছে। মেয়েটির পড়াশোনা বন্ধ করে তাকে গার্মেন্টসের কাজে দেওয়া হয়েছে। আর আসামিরা আদালত থেকে জামিন নিয়ে পরিবারটিকে মামলা প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে।
মেয়েটির বাবা গত বৃহস্পতিবার জানান, গত বছরের ৩১ মার্চ রাতে একই পাড়ার রবিউল ইসলাম তাঁর মেয়েকে মুখে কাপড় বেঁধে তুলে নিয়ে ধর্ষণ করে। এ সময় এলাকার লোকজন রবিউলকে হাতেনাতে ধরে ফেলে। কিন্তু রবিউলের বাবা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি হওয়ায় লামা থানা পুলিশ মামলা নেয়নি। পরে তিনি জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। তিনি আরও জানান, আর্থিক সংগতি না থাকায় তিনি আইনজীবী দিতে পারেননি। আসামিদের হুমকি থেকে রক্ষা পেতে এবং মামলা চালানোর টাকা জোগাড়ের জন্য মেয়েকে চট্টগ্রামে তৈরি পোশাক কারখানায় কাজ করতে পাঠিয়েছেন। এখন তাঁর পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছে।
ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, বান্দরবান নারী ও শিশু নির্যাতন দমন আদালতে রবিউল ইসলাম, তাঁর বাবা আবদুর রব মেম্বার, ভাই সাইফুল ইসলাম ও ভগ্নিপতি হায়দার আলীর বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের নির্দেশে একজন জ্যেষ্ঠ বিচারিক হাকিম তদন্ত করে ধর্ষণের ঘটনা এবং মেয়েটির পরিবারের লোকজনকে প্রাণনাশের হুমকি দেওয়ার সত্যতা পেয়েছেন।
আজিজনগর ইউপির সাবেক চেয়ারম্যান আজম খান জানান, আবদুর রব মেম্বারসহ তিনজন আদালত থেকে জামিনে থাকলেও হায়দার আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কিন্তু পুলিশ তাঁকে গ্রেপ্তার করছে না।
আবদুর রব জামিনে থেকে হুমকি দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘একটি বিশেষ মহল ধর্ষণের শিকার মেয়ের পরিবারকে সঙ্গে নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজাহান খান বলেন, ওই ঘটনায় কারও বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।