ধর্ষণের শিকার শিশুটি মারাই গেল, গ্রেপ্তার তরুণ জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে মারা গেছে ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের কাউলিবেড়া গ্রামের পিতৃহীন শিশু ফারজানা আক্তার (১১)।
দুই মাস আগে মেয়েটি ধর্ষণের শিকার হয়েছিল। ধর্ষণের অভিযোগে একই গ্রামের বাসিন্দা লিটন মাতুব্বরকে (২০) ভাঙ্গা থানা-পুলিশ গত শুক্রবার দুপুরে গ্রেপ্তার করে। ওই দিন রাতেই ওই শিশুর চাচা আবুল কালাম লিটনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। গতকাল শনিবার পাঁচ দিনের রিমান্ড চেয়ে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে তাঁকে সোপর্দ করে। আদালত আগামী সোমবার রিমান্ডের শুনানির দিন ধার্য করে লিটনকে ফরিদপুর জেলহাজতে পাঠান।
শিশুটির চাচা আবুল কালাম জানান, ফারজানা কাউলিবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী। গত ২০ জানুয়ারি ফারজানা প্রতিবেশী রাশেদ মাতুব্বরের বাড়িতে রাতে টেলিভিশন দেখতে যায়। মেয়েটিকে একা পেয়ে রাশেদ মাতুব্বরের ছেলে লিটন মাতুব্বর ধর্ষণ করেন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কয়েক দিন চিকিৎসা করার পর তাকে বাড়ি নিয়ে আসা হয়। কিন্তু শিশুটি দিন দিন আরও বেশি অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় একটি প্রভাবশালী পক্ষ সালিস করে দিতে চায়। তারা লিটনের পক্ষ নিয়ে নানা টালবাহানা করতে থাকে। অবশেষে ২২ মার্চ শিশুটিকে আবার গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ বলেন, ‘শিশুটি দুই মাস আগে ধর্ষণের শিকার হয়। তখন কেউ অভিযোগ করেনি। আমরা গত বৃহস্পতিবার ঘটনা জানতে পেরে প্রাথমিক তদন্ত করে ঘটনার সত্যতা পাই। শুক্রবার দুপুরে লিটনকে গ্রেপ্তার করি।’