ধর্ষণের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেলে ভর্তি
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে আজ রোববার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ধর্ষণের ঘটনায় আজ সকালে নড়িয়া থানায় দুই কিশোরকে আসামি করে মামলা করেছে ওই শিশুটির মা। পরে এক কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। আগামীকাল সোমবার তাকে আদালতে পাঠানো হবে।
গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে ধর্ষণের শিকার হয় ওই শিশু।
নড়িয়া থানা সূত্র জানায়, নড়িয়া উপজেলার জপসা ইউপির একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী গতকাল বিদ্যালয় ছুটির পর বাড়িতে খেলাধুলা করছিল। বিকেল পাঁচটার দিকে প্রতিবেশী ১৪ বছর বয়সী এক কিশোর ও আরেকজন মেয়েটিকে ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে।
মেয়েটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে রাত পৌনে আটটার দিকে শরীয়তপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে শিশুটির রক্তক্ষরণ না থামলে তাকে ঢাকায় পাঠানো হয়। রোববার ভোরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়।
আজ সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে নড়িয়া থানায় একটি মামলা করেন। মামলায় ওই দুই কিশোরকে আসামি করা হয়েছে। পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করেছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার তাকে আদালতে পাঠানো হবে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।