ধর্ষণের শিকার শিশুটির রক্তক্ষরণ থামছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসকেরা রক্তক্ষরণ থামাতে না পেরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছেন।
শনিবার বিকেল পাঁচটার দিকে ওই শিশু ধর্ষণের শিকার হয়। রাত পৌনে আটটার দিকে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা।
নড়িয়া থানা ও শরীয়তপুর সদর হাসপাতাল সূত্র জানায়, নড়িয়া উপজেলার জপসা ইউপির একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী বিদ্যালয় ছুটির পর বাড়িতে খেলাধুলা করছিল। প্রতিবেশী ১৪ বছর বয়সী ভাই ও এক চাচা একটি ঘরের মধ্যে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। মেয়েটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। তার রক্তক্ষরণ হতে থাকলে সন্ধ্যা পৌনে আটটার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক আম্বিয়া আলম কণা।
শরীয়তপুর সদর হাসপাতালে বসে শিশুটির এক আত্মীয় বলেন, ‘আমরা গরিব মানুষ। এখন এ মেয়েকে নিয়ে কীভাবে ঢাকায় যাব? ওরা কেন আমাদের বাচ্চা মেয়েটিকে এমন সর্বনাশ করল।’
শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক আম্বিয়া আলম বলেন, ধর্ষণজনিত কারণে মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রক্তক্ষরণ বন্ধ না হলে তার অবস্থার অবনতি হবে। মেয়েটিকে নির্মমভাবে ধর্ষণ করা হয়েছে। মেয়েটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম আলী মিয়া বলেন, ‘একটি শিশু ধর্ষণের ঘটনা হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’