ধর্ষণের শিকার সাত বছরের শিশু

রাজধানীর নীলক্ষেতের একটি স্কুলে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত ধর্ষণকারী ওই স্কুলের দারোয়ান। বুধবার ভোরে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় দারোয়ান সালেহ আহমেদকে (৪০) আটক করেছে শাহবাগ থানার পুলিশ। মঙ্গলবার সকালে স্কুলের পেছনে ঘটনাটি ঘটে।
শিশুটির বাবা জানান, সকালে মেয়ে স্কুলে যায়, এ সময় ওই স্কুলের দারোয়ান সালেহ আহমেদ তাকে ফুসলিয়ে স্কুলের পেছনে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাসায় গিয়ে তার মাকে সব খুলে বলেন। পরে বিষয়টি শাহবাগ থানাকে জানান, শাহবাগ থানার পুলিশ ওই দারোয়ানকে আটক করে। শিশুটিকে আজ ভোরে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক বিলকিস বেগম জানান, ‘শিশুটিকে আজ ভোরে আমাদের এখানে ভর্তি করা হয়েছে। সকালে তার ফরেনসিক করানো হয়।’ তিনি বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে আরও কিছু পরীক্ষা বাকি রয়েছে। এগুলো করার পর এবং ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর বলা যাবে।
এ ব্যাপারে শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (ওসি) আবুল হাসান জানান, এ ঘটনায় ধর্ষণের মামলা হয়েছে। আসামি সালেহ আহমেদকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।