ধর্ষণের শিকার সেই গৃহবধূর মৃত্যু
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ধর্ষণের শিকার হয়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করা সেই গৃহবধূ (৩৫) মারা গেছেন। আজ বুধবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বাবার বাড়িতে তিনি মারা যান।
পুলিশ ও গৃহবধূর পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বালিপাড়া গ্রামের আবদুর রাজ্জাক ফরাজী ও বালিপাড়া গ্রামের গ্রাম্য চিকিৎসক মনিরুজ্জামান শেখ ওই গৃহবধূকে বিভিন্ন সময় কয়েকবার ধর্ষণ করেন। গত শুক্রবার রাতে রাজ্জাকের সহযোগিতায় মনিরুজ্জামান তাঁকে ধর্ষণ করার সময় গৃহবধূর ছোট মেয়ে (১৩) তা দেখে ফেলে। এরপর ওই রাতে লজ্জায় তিনি গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। দগ্ধ অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার চিকিৎসকেরা তাঁকে ছাড়পত্র দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরিবারের সদস্যরা অর্থাভাবে তাঁকে ঢাকায় না নিয়ে বাবার বাড়িতে নিয়ে যান। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।
গৃহবধূর স্বামী বলেন, ‘টাকার অভাবে আমার স্ত্রীকে উন্নত চিকিৎসা করানো যায়নি। যাদের কারণে আমার স্ত্রী গায়ে আগুন দিয়ে মারা গেছে, আমার চার সন্তানকে মাতৃহারা করেছে, আমি তাদের বিচার চাই।’
ইন্দুরকানি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক বলেন, গৃহবধূকে ধর্ষণের অভিযোগে নিহত গৃহবধূর স্বামী বাদী হয়ে মনিরুজ্জামান শেখ ও আবদুর রাজ্জাকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য মোরেলগঞ্জ থানার পুলিশ উদ্ধার করেছে। বাগেরহাট সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হবে।
আজ বুধবার প্রথম আলোয় ‘অর্থাভাবে চলছে না চিকিৎসা, ধর্ষণের শিকার নারীর আত্মহত্যা’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।