ধর্ষণের শিকার হয়ে হাসপাতালে নয় বছরের শিশু
ধর্ষণের শিকার নয় বছরের একটি শিশুকে গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটি চতুর্থ শ্রেণির ছাত্রী।
হাসপাতালে শিশুটির মা-বাবা জানান, তাঁরা মাতুয়াইল মাঝপাড়া দরবারশরীফ রোড এলাকায় থাকেন। গত বুধবার সন্ধ্যায় শিশুটি পানি আনতে গেলে স্থানীয় একজন শরবত বিক্রেতা শিশুটিকে ভুলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এরপর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে মা-বাবাকে বিষয়টি জানায়। ঘটনাটি নিয়ে এলাকায় শোরগোল তৈরি হয়। এরপর ওই শরবত বিক্রেতার পক্ষ নিয়ে কিছু লোকজন বাসায় এসে বিষয়টি ‘মিটমাট’ করার প্রস্তাব দেন। বেশি হইচই করলে শিশুটির ভবিষ্যৎ নষ্ট হবে বলে ভয় দেখান তাঁরা। এরপর তাঁদের পরামর্শে স্থানীয় ওষুধের দোকান থেকে প্যারাসিটামল-জাতীয় ওষুধ এনে শিশুটিকে খাওয়ানো হয়। কিন্তু শিশুটি আরও অসুস্থ হয়ে পড়ে। এরপর গতকাল সন্ধ্যায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বলেন, শিশুটির মা-বাবা থানায় কোনো অভিযোগ দেননি, তবে পুলিশ কাজ করছে। তাঁদের থানায় এসে মামলা দিতে বলা হয়েছে।