ধর্ষণের শিকার হয়ে শিশু হাসপাতালে
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় কিশোরের বিরুদ্ধে (১৪) ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবারের এ ঘটনায় অসুস্থ শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সেদিনই মামলা হয়েছে।
মামলার বাদী ও শিশুটির নানি বলেন, বৃহস্পতিবার দুপুরে শিশুটি ঘাস কাটতে বাড়ির কাছে নদীর পাড়ে যায়। সেখানে প্রতিবেশী ওই কিশোর মাছ ধরছিল। সে লিচু খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে নদীর ঢালে নিয়ে ধর্ষণ করে। পরে এক নারী শিশুটিকে পড়ে থাকতে দেখেন। তিনি খবর পেয়ে নাতনিকে উদ্ধার করে মাথায় পানি ঢেলে হুঁশ ফেরান। পরে অসুস্থ অবস্থায় তিনি শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. মহিউদ্দিন হক আলমগীর প্রথম আলোকে বলেন, শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও নান্দাইল মডেল থানার এসআই মো. আমিনুজ্জামান বলেন, আসামিকে ধরার জন্য রাতে ওই গ্রামে পুলিশ অভিযান চালায়। কিন্তু তাকে পাওয়া যায়নি।