ধর্ষণের সালিস, পরে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ীতে ছয় বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রাম্য মাতবরেরা সালিসে অভিযুক্তকে মাফ করে দেন। ঘটনার দুই সপ্তাহ পর গতকাল মঙ্গলবার শিশুটির মা গোদাগাড়ী থানায় মামলা করেন। এরপর পুলিশ আসামিকে গ্রেপ্তার করে।

আসামি শিশুটির নিকটাত্মীয়। তাঁর বয়স ২২ বছর। এজাহার সূত্রে জানা গেছে, গত ১১ জুন আসামি একটি মাঠে কাজ করছিলেন। পরিবার থেকে শিশুটিকে তাঁকে ডেকে আনতে বলা হয়। মাঠে একা পেয়ে আসামি শিশুটিকে ধর্ষণ করেন। এরপর পানি দিয়ে ক্ষতস্থানের রক্ত ধুয়ে শিশুটিকে বাড়িতে নিয়ে যান। বাড়িতে যাওয়ার পরও রক্ত ঝরা বন্ধ না হওয়ায় শিশুটির মা তাকে চাঁপাইনবাবগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে আসামির পক্ষের লোকজন তাকে চাঁপাইনবাবগঞ্জের একটি বেসরকারি ক্লিনিকে রেখে চিকিৎসা করান।

শিশুটির মা বলেন, চিকিৎসা শেষে তিনি থানায় মামলা করতে চেয়েছিলেন। কিন্তু গ্রাম্য মাতবর মোক্তার হোসেন মামলা না করার জন্য বলেন। অন্যথায় বিপদ হতে পারে বলে ভয় দেখান। সেই সঙ্গে সাংবাদিক পরিচয় দিয়ে বাড়িতে গিয়ে একই ধরনের ভয় দেখান উপজেলার দ্বিগ্রাম গ্রামের শরিফুল ইসলাম। পরে তাঁরা সালিস করে আসামিকে ২০ হাজার টাকা জরিমানা করেন। টাকাও তাঁকে দেওয়া হয়নি। গতকাল দুপুরে তিনি গোপনে থানায় আসেন।

গোদাগাড়ী থানার ওসি এস এম আবু ফরহাদ বলেন, ধর্ষণের শিকার শিশুটিকে নিয়ে তার মা থানায় এলে তাঁকে থানায় বসিয়ে রেখে অভিযুক্ত তরুণকে বাড়ি থেকে ধরে আনা হয়। আসামি ধর্ষণের কথা স্বীকার করেছেন।

ওসি আরও বলেন, ধর্ষণের শিকার শিশুটির নতুন করে ডাক্তারি পরীক্ষা করা হবে। এ ছাড়া যেসব হাসপাতাল ও ক্লিনিকে ওই শিশুর চিকিৎসা করানো হয়েছে সেখান থেকে কাগজপত্র সংগ্রহ করার প্রক্রিয়া চলছে।