
মানিকগঞ্জ সদর উপজেলার মেঘশিমুল এলাকায় ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। এতে নদীর তীরবর্তী বৈদ্যুতিক খুঁটি উপড়ে গিয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আশপাশের ফসলি জমিও ভাঙনের ঝুঁকিতে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার জাগীর ও কৃষ্ণপুর ইউনিয়নের ওপর দিয়ে প্রবাহিত ধলেশ্বরী নদীতে একসময় প্রচণ্ড স্রোত ছিল। এখন আর সে অবস্থা নেই। বছরের অধিকাংশ সময় নদীর তীরবর্তী দুই পারের জমিতে আবাদ করা হয় বোরোসহ বিভিন্ন শস্য। নদীর মাঝে বৈদ্যুতিক খুঁটির মাধ্যমে আশপাশের এলাকায় বিদ্যুৎ বিতরণের ব্যবস্থা করা হয়েছে। বৈদ্যুতিক দুটি খুঁটির কাছে খননযন্ত্র বসিয়ে বালু তুলছেন স্থানীয় মাটি ব্যবসায়ী রফিকুল ইসলাম। এতে বৈদ্যুতিক খুঁটি ও আশপাশের ফসলি জমি ভাঙনের হুমকিতে রয়েছে। এভাবে বালু তোলা অব্যাহত থাকলে ঢাকা-আরিচা মহাসড়কের জাগীর সেতুও হুমকিতে পড়তে পারে।
গত বুধবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে খননযন্ত্র দিয়ে বালু তুলতে দেখা যায়। এসব বালু পাইপের মাধ্যমে দূরে ফেলা হচ্ছে। ওই দিন দুপুরে জেলা পল্লী বিদ্যুৎ সমিতির লোকজন বালু তোলার কার্যক্রম বন্ধ করতে ঘটনাস্থলে যান। সে সময় নৌকায় করে খননযন্ত্রের কাছে গিয়ে বালু তোলার ছবি তুলতে গেলে দুই শ্রমিক কথা না বলে দ্রুত চলে যান। সে সময় জেলা পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুৎ বিতরণে মাঠপর্যায়ের দেখভালের দায়িত্বে থাকা উচুটিয়া কার্যালয়ের প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, মেঘশিমুল এলাকায় নদীতে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটির মাধ্যমে ১১০০ কেভির বৈদ্যুতিক তার টানানো আছে। এর মাধ্যমে আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। দুটি খুঁটির কাছে খননযন্ত্র দিয়ে বালু তোলা হচ্ছে। খুঁটি দুটি উপড়ে পড়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী ধলেশ্বরী নদীর মেঘশিমুল এলাকায় কোনো বালুমহাল নেই। এরপরও রফিকুল ইসলাম প্রভাব খাটিয়ে খননযন্ত্র দিয়ে সেখান থেকে বালু তুলছেন। এসব বালু পাইপের মাধ্যমে তুলে আশপাশের নিচু স্থান ভরাট করা ছাড়াও অন্যত্র বিক্রি করা হচ্ছে।
মেঘশিমুল গ্রামের সোনা মিয়া বলেন, খননযন্ত্র দিয়ে যেখান থেকে বালু তোলা হচ্ছে, তার পাশেই তাঁদের জমি রয়েছে। বর্ষাকাল ছাড়া বছরের বাকি সময় নদীতে পানি থাকে না। সে সময় তাঁরা বোরো ধান, গম, ভুট্টা, তামাক, সরিষাসহ বিভিন্ন ফসলের আবাদ করে থাকেন। পাঁচ-ছয় দিন ধরে নদী থেকে বালু তোলায় তাঁদের জমি হুমকির মধ্যে পড়েছে।
রফিকুল ইসলাম বলেন, হাসেম আলী নামের এক ব্যক্তির জমি থেকে তিনি মাটি তুলছেন। এ কারণে প্রশাসনের কারও কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি। নদীতে কারও জমি থাকলেও তা খাসখতিয়ানভুক্ত—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আপনার সঙ্গে দেখা করব। আগেই কিছু লেইখেন না।’
জেলা পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) উচুটিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মোস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য পবিসের কয়েকজনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। বালু তোলা বন্ধে প্রশাসনকে লিখিতভাবে জানানো হবে।
স্থানীয় জাগীর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাকির হোসেন বলেন, কে বা কারা বালু তুলছেন তা তিনি জানেন না। তবে ওই স্থানে কোনো বালুমহাল ইজারা দেওয়া হয়নি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদত খন্দকার বলেন, ‘নদী থেকে বালু উত্তোলনের কোনো অনুমতি দেওয়া হয়নি। ওই স্থান থেকে বালু তোলা হচ্ছে বলে শুনেছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’