ধলেশ্বরী নদীর তীরে মাটি বিক্রি করছে ভূমিদস্যুরা
কেরানীগঞ্জ উপজেলায় রোহিতপুর ইউনিয়নের লাকিরচর এলাকায় তুলসীখালী সেতু-সংলগ্ন ধলেশ্বরী তীরের মাটি কেটে নিয়ে যাচ্ছেন স্থানীয় ভূমিদস্যুরা। এতে হুমকির মুখে পড়েছে তুলসীখালী সেতুটি। এলাকাবাসীর অভিযোগ, বাধা দিয়েও মাটি কাটা বন্ধ করতে পারছেন না তাঁরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাস খানেক ধরে রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা ও তাঁর সহযোগীরা নদীর তীর থেকে মাটি কাটছেন। গতকাল সোমবার সরেজমিনে দেখা যায়, অপরিকল্পিতভাবে ভেকু মেশিন দিয়ে নদীর তীর কাটা হচ্ছে। সেই মাটিগুলো সেতুর নিচে জড়ো করে ট্রাকে তোলা হচ্ছে। এ ছাড়া একইভাবে সেতুর উত্তর পাশ (লাকিরচর এলাকায়) পিলারের নিচের মাটি কেটে ফেলা হয়েছে। পিলারের নিচে সাত-আট ফুট গর্তের সৃষ্টি হয়েছে। সেখানে মাটি ট্রাকে তোলার কাজে নিয়োজিত কর্মচারী আবদুর রহিম বলেন, এ মাটির মালিক বশির, সোলায়মান, অনিক, আমিন মাস্টার, জলফু ও শাহাবুদ্দিন। এ স্থান থেকে কাটা মাটি তাঁরা বিক্রি করছেন।
লাকিরচরের বৃদ্ধ হাশেম আলী (৭০) বলেন, প্রতিদিন সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২৫ থেকে ৩০টি ট্রাকে পালাক্রমে মাটি কাটা হয়। এতে মানুষের চলাচলের রাস্তাটি নষ্ট হয়ে যাচ্ছে। তাঁদের বাধা দিলে তাঁরা লোকজনকে হুমকি-ধমকি দিচ্ছেন।
লাকিরচর আশ্রয়ণ প্রকল্পের সভাপতি আবদুস সামাদ বলেন, নদীর তীর ও আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে মাটি না তোলার জন্য ভূমিদস্যুদের কয়েকবার বাধা দেওয়া হয়।
রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোলায়মান জামান বলেন, ‘কে বা কারা মাটি কাটছে, আমি জানি না। তা ছাড়া এক মাস আমি ওই এলাকায় যাই না।’
রোহিতপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল আলী বলেন, ‘নদীর তীরের মাটি কাটার বিষয়ে আমি একাধিকবার বাধা দিয়েছি। এ বিষয়ে ব্যবসা নেওয়ার জন্য প্রশাসনকে বারবার জানিয়েছি। কিন্তু মাটি কাটা বন্ধ হয়নি।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।