ধলেশ্বরীতীরের মাটি বিক্রি বন্ধ হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জ উপজেলায় রোহিতপুর ইউনিয়নের লাকিরচর এলাকায় তুলসীখালী সেতুসংলগ্ন ধলেশ্বরী নদীর তীর থেকে মাটি কাটা এখনো বন্ধ হয়নি। একশ্রেণির ভূমিদস্যুরা সেতুর নিচ থেকে মাটি নিয়ে যাচ্ছে। এতে করে হুমকির মুখে পড়েছে তুলসীখালী সেতু।
এলাকার বাসিন্দারা বলেন, প্রায় দেড় মাস ধরে রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন তুলসীখালী সেতুর পিলারের নিচের মাটি ও ধলেশ্বরী নদীর কাছের লাকিরচর এলাকা থেকে মাটি কেটে বিক্রি করছে। তুলসীখালী এলাকার বাসিন্দা আব্দুল করিম (৪২) বলেন, ভূমিদস্যুরা তুলসীখালী সেতুর পিলারের নিচে মাটি কেটে নেওয়ায় সেখানে সাত-আট ফুট গর্তের সৃষ্টি হয়েছে।
রোহিতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলায়মান জামান বলেন, ধলেশ্বরী নদীর তীরে মাটি বিক্রির সঙ্গে আমি জড়িত নই। কে বা কারা মাটি কাটছে আমি জানি না।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পারভেজুর রহমান বলেন, নদীর তীর থেকে মাটি কাটতে প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। এর পরও যদি কেউ অবৈধভাবে মাটি কাটার ঘটনায় যুক্ত থাকে, সে যে কেউ হোক, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মুন্সিগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মামুনুর রহমান প্রথম আলোকে বলেন, সেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়টি আমার জানা নেই।