ধাওয়া-পাল্টাধাওয়া
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ প্রাঙ্গণে অশ্লীলতার প্রতিবাদ করতে গিয়ে বহিরাগতদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। কলেজের পদার্থবিদ্যা ভবনের সামনে গতকাল বুধবার এ ঘটনা ঘটে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের বিভিন্ন স্থানে ভাঙচুর চালান। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী কলেজের তিন শিক্ষার্থী বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে মুসলিম হলের সামনের পুকুরপাড়ে বহিরাগত একদল যুবক ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। একপর্যায়ে শিক্ষার্থীরা তাঁদের সেখান থেকে চলে যেতে অনুরোধ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বহিরাগতরা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাগ্বিতণ্ডা শুরু করে। এরপর তারা কলেজ প্রাঙ্গণ থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর বহিরাগতরা ধারালো অস্ত্র নিয়ে মুসলিম হলে ঢোকে। এ সময় ছাত্রাবাসের ছাত্ররা তাঁদের ধাওয়া করলে বহিরাগতরা পালিয়ে যায়।
এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্ররা কলেজ প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন। শিক্ষার্থীরা বিজ্ঞান অনুষদের পদার্থবিদ্যা ভবনসহ বেশ কিছু স্থানে ভাঙচুর করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও তিনজন বহিরাগতকে আটক করে। এ সময় সেখান থেকে লাঠিসোঁটা ও একটি দা উদ্ধার করা হয়।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাখাওয়াত হোসেন বলেন, বহিরাগতদের প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে—এমন আশ্বাসে শিক্ষার্থীরা শান্ত হন।