ধাওয়া করে টাকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুতগতিতে চলতে থাকা একটি অটোরিকশাকে সন্দেহবশত ধাওয়া করে পুলিশ। কিছুদূর গিয়ে অটোরিকশা থেকে যাত্রীরা নেমে পালানোর সময় ফেলে যায় ব্যাগভর্তি টাকা। পরে জানা যায়, ছিনতাই করে ওই অটোরিকশা নিয়ে পালাচ্ছিল ছিনতাইকারীরা। তবে পুলিশ ছিনতাইয়ের পুরো টাকা উদ্ধার এবং ছিনতাইকারীদের গ্রেপ্তার করতে পারেনি। গতকাল বুধবার চট্টগ্রাম নগরের চকবাজার থানা এলাকায় এ ঘটনা ঘটে।

নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি অঞ্চল) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, মুছা সওদাগর নামের নগরের আছদগঞ্জের এক শুঁটকি ব্যবসায়ীর দুই কর্মচারী ইস্টার্ণ ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় সাত লাখ টাকা জমা দেওয়ার জন্য হেঁটে যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশায় কয়েকজন ছিনতাইকারী এসে তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের বাধা দিতে গিয়ে শুঁটকি ব্যবসায়ীর কর্মচারী সুশীল বড়ুয়া আঘাত পান। পরে ছিনতাইকারীরা দ্রুত পালিয়ে যাওয়ার সময় চকবাজার থানার সামনে একটি রিকশাকে ধাক্কা দেয়।

এদিকে দ্রুতগতির অটোরিকশাটি দেখতে পেয়ে চকবাজার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সন্দেহবশত ধাওয়া করে। নগরের চট্টেশ্বরী এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা গাড়িটি ফেলে দৌড়ে পার্শ্ববর্তী পাহাড়ে ঢুকে পড়ে। ছিনতাইকারীরা টাকাভর্তি একটি ব্যাগ এ সময় ফেলে যায়। ব্যাগ তল্লাশি চালিয়ে পুলিশ সাড়ে তিন লাখ টাকা পায়। এরপর ব্যাংকের জমার বই ও হিসাবধারীর নাম-ঠিকানা নম্বর দেখে পুলিশ মুঠোফোনে যোগাযোগ করে। তখন পুলিশ আছদগঞ্জের ছিনতাইয়ের ঘটনা জানতে পারে। ছিনতাইয়ে তিনজন অংশ নেন বলে পুলিশ জানায়। পাহাড়টিতে তল্লাশি অভিযান চালানো হলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

নগর পুলিশের সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বলেন, বাকি টাকা উদ্ধার এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ছিনতাইয়ে ব্যবহৃত অটোরিকশাও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।