ধাওয়া খেয়ে ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের তল্লাশিচৌকি দেখে চলে যাওয়ার চেষ্টা করছিলেন এক মোটরসাইকেল আরোহী। কিন্তু পুলিশ তাঁকে ধাওয়া দেওয়ায় ট্রাকের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে তাঁর মোটরসাইকেলের। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেলের আরোহী। গতকাল বুধবার সিলেটের জৈন্তাপুর উপজেলায় এই ঘটনা ঘটে।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গত মঙ্গলবার সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একজন প্রবাসী নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর নাম মো. অহিদ মিয়া (৩৫)। তিনি পাথর ব্যবসায়ী। কুলাউড়ায় নিহত হওয়া সৌদি আরবপ্রবাসীর নাম চিনু মিয়া (৪৫)। তাঁর বাড়ি কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের ইসলামনগর গ্রামে।
জৈন্তাপুর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর হওয়ার পর থেকে সিলেট-তামাবিল মহাসড়কের রাংপানির কাছে জৈন্তপুর থানার পুলিশ একটি তল্লাশিচৌকি বসায়। জাফলং থেকে সিলেটগামী সব যানবাহন ওই চৌকিতে তল্লাশি করা হয় সকাল থেকে। বেলা সাড়ে ১১টার দিকে অহিদ মিয়া চৌকির অন্তত ৫০ গজ দূর থেকে মোটরসাইকেল ঘুরিয়ে জাফলং যাওয়ার চেষ্টা করেন। এ সময় চৌকিতে দায়িত্বে থাকা কয়েকজন পুলিশ তাঁকে ধাওয়া করলে ট্রাকের সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাস্থলে থাকা পাঁচ প্রত্যক্ষদর্শী এ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ধাওয়া দেওয়ায় এ ঘটনা ঘটায় প্রত্যক্ষদর্শীসহ আশপাশের এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাৎক্ষণিক তাঁরা মহাসড়ক অবরোধ করেন। পরে হাইওয়ে পুলিশসহ জৈন্তাপুর থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে তাঁরা অবরোধ প্রত্যাহার করেন। ঘটনাস্থলে থাকা তামাবিল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ট্রাফিক সাইদুর রহমান জানান, মহাসড়ক অবরোধ হওয়ার খবর পেয়ে তিনি সেখানে গিয়েছেন। পুলিশের ধাওয়ার বিষয়টি আশপাশের লোকজনের মুখ থেকে তিনি শুনেছেন। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল কবির দাবি করেন, পুলিশের ধাওয়ার মুখে এ দুর্ঘটনা ঘটেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, কুলাউড়া উপজেলা শহরে দলিল নিবন্ধন করে চিনু ও তাঁর পরিবারের সদস্যরা সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। রাত নয়টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল-ভাটেরা সড়কের উত্তরভাগে পৌঁছালে সেখানে স্তূপ করে রাখা পাথরের সঙ্গে ধাক্কা লেগে বিপরীতমুখী ইজিবাইকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চিনু ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া চিনুর বাবা সোহাগ মিয়া (৬৫), ভাই আকলু মিয়া (৪০), জাহাঙ্গীর মিয়া (১৮), ভাবি সালমা বেগম (২৫) ও অটোরিকশার চালক ফরহাদ (২০) গুরুতর আহত হন। আশপাশের লোকজন ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন বলেন, সড়কের ওপর পাথরের স্তূপ থাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। চিনু মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।