নারী আইনজীবীকে পেটালেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত চত্বরে চলতে গিয়ে ধাক্কা লাগায় শিক্ষানবিশ নারী আইনজীবীকে পিটিয়ে আহত করা হয়েছে। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম আদালত ভবনের মূল ফটকে জেলা নিবন্ধন কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত এস এম সোলায়মানকে আইনজীবী ও স্থানীয় লোকজন ধরে পুলিশের হাতে তুলে দিয়েছে। তিনি নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য।

এই ঘটনার আগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরের চান্দগাঁও এলাকায় এক যুবকের সঙ্গে মোবাইলে কথা বলতে আপত্তি করায় এক নারী পোশাকশ্রমিককে রাস্তায় আটকে ছুরিকাঘাত করা হয়।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি রতন কুমার রায় প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার শিক্ষানবিশ এক নারী আইনজীবীর বিয়ে হয়। বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার প্রয়োজনীয় কাজ সারার জন্য বুধবার বিকেলে আদালত ভবনে এসেছিলেন ওই আইনজীবী। ভবনের মূল ফটকে জেলা নিবন্ধন কার্যালয়ের সামনে এস এম সোলায়মান নামের এক যুবকের সঙ্গে তার ধাক্কা লাগে। এতে ক্ষিপ্ত হয়ে যুবকটি নারী আইনজীবীকে কিল ঘুষি মারতে থাকেন। উপস্থিত আইনজীবী ও লোকজন নারী আইনজীবীকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। সোলায়মান নামের ওই যুবককে ধরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে নিয়ে যায় লোকজন। পরে পুলিশকে খবর দেওয়া হলে কোতোয়ালি থানার-পুলিশ এসে যুবককে থানায় নিয়ে যায়। এই ঘটনায় নারী আইনজীবীর স্বামী বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটকের পর সোলায়মান নিজেকে নগর স্বেচ্ছাসেবক লীগের নেতা দাবি করেন।

নগর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এ এইচ এম জিয়াউদ্দিন বলেন, সোলায়মান নগর স্বেচ্ছাসেবক লীগের সদস্য এবং বায়েজীদ বোস্তামী থানার সমন্বয়কারী। নিবন্ধন কার্যালয়ের সামনে এক নারী আইনজীবীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে চড় মারেন ওই আইনজীবী। আইনজীবীর হাত সরাতে গিয়ে নাকের ওপর গিয়ে পড়ে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বড়ুয়া জানান, আহত আইনজীবীর নাকের হাড় ফেটে গেছে চিকিৎসকেরা জানিয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, আসামি সোলায়মানকে আগামীকাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হতে পারে।

এ দিকে চান্দগাঁও সানোয়ারা আবাসিক এলাকায় এক নারী পোশাকশ্রমিককে ছুরিকাঘাতের ঘটনায় আজ বুধবার বিকেলে মামলা করেছেন ওই নারী। মামলায় বখাটে যুবক মো. রুবেলকে আসামি করা হয়। জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম চৌধুরী আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আসামি রুবেলকে গ্রেপ্তারে অভিযান চলছে।