ধানখেত থেকে শিশুর লাশ উদ্ধার
হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিখোঁজের তিন দিন পর শিশু সুলতানা আক্তারের (৯) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে একটি ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত সুলতানা আক্তার বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামের আফজল মিয়ার মেয়ে। গত মঙ্গলবার বেলা দুইটার দিকে সে কেরোসিন তেল কেনার জন্য উপজেলা সদরসংলগ্ন হামিদনগর বাজারে যায়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। পরে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ওই দিনই এলাকায় মাইকিং করে। সেই সঙ্গে সুলতানার বাবা আফজল মিয়া মঙ্গলবার রাতেই বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। আজ শুক্রবার উপজেলার উত্তরসুর গ্রামের একটি ধানখেতে তার লাশ দেখতে পান এলাকাবাসী। পরে পুলিশকে জানানো হলে বাহুবল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের একটি পা কাটা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া যায়। লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে জিজ্ঞাসাবাদ করছে। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেন জানান, এ ঘটনায় কাউকে আটক করা না হলেও সন্দেহভাজন দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।