ধান চাষাবাদে চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার চরফ্যাশন উপজেলার সিকদার চরে ভূমিহীন কৃষকদের লাগানো আমন ধানে সবুজ শিষ বেরিয়েছে। ওই ধান কাটার জন্য চাঁদা চাইছেন ইউনিয়ন পরিষদের এক সদস্য। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো
ভোলার চরফ্যাশন উপজেলার সিকদার চরে ভূমিহীন কৃষকদের লাগানো আমন ধানে সবুজ শিষ বেরিয়েছে। ওই ধান কাটার জন্য চাঁদা চাইছেন ইউনিয়ন পরিষদের এক সদস্য। ছবিটি গত সোমবার তোলা l প্রথম আলো

ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের সিকদার চরের সরকারি জমিতে ধান চাষাবাদে চাঁদাবাজি করছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য। ইতিমধ্যে ধান রোপণের সময় প্রায় ৫০০ কৃষকের কাছ থেকে অন্তত ২৭ লাখ ৫০ হাজার টাকা চাঁদা আদায় করেছেন। ধান তোলার জন্য চাচ্ছেন আরও এক কোটি ১০ লাখ টাকা।
এসব অভিযোগ করে ভূমিহীন কৃষকেরা চরফ্যাশন ও ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। নিরাপদে ধান কাটার দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন।
ওই ইউপি সদস্যের নাম আবদুল মালেক। ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মালেক বর্তমানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। আবদুল মালেক জানান, একটি পক্ষ চরের সরকারি জমির মালিকানা দাবি করছে। তারা আদালতে মামলা করেছে। ওই মামলার খরচ জোগাতে মাঝেমধ্যে চাষীদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে। তবে সেটি ৫০০ টাকার বেশি নয়।
তবে কৃষকদের সঙ্গে কথা বলে আবদুল মালেকের বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। গত সোমবার সিকদার চরে গেলে আবদুল মান্নান মেলকার, মিলন গাজী, আবুল বাশার গাজী, সিদ্দিক হাওলাদার, নূর হোসেন কারিগরসহ একাধিক কৃষক জানান, সিকদারের চরে এক হাজার ৩৫০ একর খাসজমি আছে। ২৪ বছর আগে এখানে বসতি শুরু হয়। তখন থেকে ভূমিদস্যুদের চাঁদা দিয়ে সেখানে চাষাবাদ করছেন প্রায় ৬৫০ জন ভূমিহীন কৃষক। কৃষকেরা খাসজমি তাঁদের মধ্যে বরাদ্দের জন্য সরকারের কাছে আবেদন করলেও তা মঞ্জুর হয়নি।
কৃষকেরা জানান, ১০ থেকে ১২ বছর ধরে ইউপি সদস্য আবদুল মালেক কৃষকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছেন। এত দিন ধান রোপণের সময় একবার চাঁদা দিলেই হতো। এ বছর এক হাজার ১০০ একর জমিতে আমন ধান রোপণের সময় প্রায় ৫০০ কৃষকের কাছ থেকে বাটপ্রতি (দুই একর জমি) পাঁচ হাজার টাকা করে অন্তত ২৭ লাখ ৫০ হাজার টাকা চাঁদা তুলেছেন আবদুল মালেক ও তাঁর লোকজন। যাঁরা চাঁদা দেননি তাঁরা চাষ করতে পারেননি। বাকি জমিতে আবদুল মালেক নিজের লোক দিয়ে আবাদ করিয়েছেন। এদিকে ধানের িশষ বের হওয়ার পর আবদুল মালেক বাটপ্রতি আরও ২০ হাজার টাকা চাঁদা দাবি করেছেন। নইলে ধান কাটতে দেবেন না বলে হুমকি দিচ্ছেন।
চরের কৃষকেরা সাংবাদিকের কাছে অভিযোগ করায় গত সোমবার তিন কৃষককে পিটুনি দেয় মালেক বাহিনীর লোকজন। এ ঘটনায় কৃষকেরা মালেকের বিরুদ্ধে বিক্ষোভ করেন। কৃষকেরা এ সময় ‘আমাদের রোপণ করা ধান আমরা নিরাপদে কাটতে চাই’, ‘চাঁদাবাজদের হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ বলে স্লোগান দেন।
চরফ্যাশনের দক্ষিণ আইচা থানা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার বলেন, ‘আবদুল মালেক আগে বিএনপির রাজনীতি করে চাঁদাবাজি করত, ক্ষমতার পরিবর্তনে আওয়ামী লীগে যোগ দিয়ে চাঁদাবাজি অব্যাহত রেখেছে।’
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘সরকারি জমিতে যারা ধান রোপণ করেছে তারাই ধানের মালিক। এ ধান অন্য কেউ কাটতে পারবে না। যদি কেউ বাধা দেয় তবে অবশ্যই তা ঠেকাব। প্রয়োজনে চরে ক্যাম্প বসানো হবে।’
জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, ‘প্রকৃত ধান রোপণকারীরা যাতে ধান কাটতে পারে, সে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দিয়েছি।’