ধানখেত থেকে কিশোরীর মস্তক-বিচ্ছিন্ন লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর আমানউল্লা গ্রামের একটি ধানখেত থেকে মৌসুমী আক্তার (১৬) নামের এক কিশোরীর মস্তক-বিচ্ছিন্ন করা লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে চরজব্বার থানার পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত মৌসুমী উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চর নঙ্গলিয়া গ্রামের আবুল কালাম সর্দারের মেয়ে। তবে কারা কী কারণে মৌসুমীকে হত্যা করেছে, তা মৌসুমীর পরিবার নিশ্চিত করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, গতকাল বেলা ১১টার দিকে চর আমানউল্লা গ্রামের কয়েক কিশোর গরুর ঘাস কাটতে মাঠে গিয়ে ধানখেতের পানির মধ্যে অজ্ঞাতনামা এক কিশোরীর লাশ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক তাঁরা বিষয়টি এলাকার লোকজনকে জানান। পরে এলাকাবাসী থানা পুলিশকে ঘটনা অবহিত করে।
বেলা দেড়টার দিকে চরজব্বার থানার উপপরিদর্শক মো. নুরুল আমিন কিশোরীর মৃতদেহ ও মস্তক উদ্ধার করেন। পরে খবর পেয়ে উপজেলার পূর্বচরবাটা ইউনিয়নের চরনঙ্গলিয়ার আবুল কাশেম সর্দারের স্ত্রী আছিয়া খাতুন এসে উদ্ধার হওয়া লাশটি তাঁর মেয়ের বলে শনাক্ত করেন।
আছিয়া খাতুনের বরাত দিয়ে এসআই নুরুল আমিন বলেন, কিশোরীর মা তাঁকে জানিয়েছেন, চার দিন আগে তাঁর মেয়ে বাড়ি থেকে নিখোঁজ হয়। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও মেয়ের কোনো সন্ধান পাননি। গতকাল লোকমুখে চর আমানউল্লা গ্রামে লাশ পাওয়ার খবর শোনেন।
তিনি আরও বলেন, মৃতদেহ দেখে মনে হয়েছে, কিশোরীকে অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা লাশ চর আমানউল্লা গ্রামের মাঠের মাঝখানে ধানখেতে রেখে গেছে। আনুমানিক তিন-চার দিন আগে ওই কিশোরীকে হত্যা করা হতে পারে। আজ শুক্রবার লাশটি ময়নাতদন্তের জন্য নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
সুবর্ণচরের চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম এনামুল কবির বলেন, বিকেলে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। কারা কী কারণে মৌসুমীকে হত্যা করতে পারে, সে বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।