ধানখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ
কক্সবাজারের পেকুয়া উপজেলার গর্জনিয়াপাড়া এলাকার ধানখেত থেকে আজ রোববার সকালে সিএনজিচালিত অটোরিকশার চালক মোহাম্মদ হোছাইনের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ আবদুর রহমান (২২) নামের এক যুবককে আটক করেছে।
পুলিশ জানায়, হোছাইনের বাড়ি উপজেলার টৈটং ইউনিয়নের গর্জনিয়াপাড়া এলাকায়। আজ সকাল সাতটার দিকে ইউনিয়নের কাছারী পাহাড়সংলগ্ন এলাকার ধানখেত থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
নিহতের মা হামিদা বেগম সাংবাদিকদের বলেন, গতকাল শনিবার সকাল নয়টার দিকে বাড়ি থেকে বের হন তাঁর ছেলে। ওই দিন অটোরিকশা নিয়ে টৈটং ইউপি নির্বাচনের এক চেয়ারম্যান পদপ্রার্থীর নির্বাচনী প্রচারকাজ চালান তিনি। তবে রাতে বাড়িতে ফেরেননি তিনি।
হামিদা বলেন, তাঁর ছেলের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কেন তাকে হত্যা করা হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোহাম্মদ মোস্তাফিজ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আটক আবদুর রহমানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।