ধানখেতে গুলিবিদ্ধ লাশ
নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়নের পশ্চিম রামনারায়ণপুর গ্রামে আজ শুক্রবার সকালে একটি ধানখেত থেকে কবির হোসেন (৩২) নামের এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।
প্রথম আলোকে দেওয়া চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল হকের ভাষ্যমতে, নিহত কবির তালিকাভুক্ত সন্ত্রাসী। এ ছাড়া তিনি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১০ টির বেশি মামলা রয়েছে। নিজেদের মধ্যে বিরোধের জের ধরে কবির খুন হতে পারেন বলে পুলিশ ধারণা করছে।
রামনারায়ণপুর ইউনিয়নের চৌকিদার আবদুল মান্নানের ভাষ্য, গতকাল রাত ১১টার দিকে ওই গ্রামে পর পর কয়েকটি গুলির শব্দ শোনা যায়। ওই গ্রামে প্রায়ই এমন গুলির শব্দ হওয়ার কারণে স্থানীয় কেউ সেদিকে যাননি। আজ সকালে ধানখেতে লাশ পড়ে থাকতে দেখে দুই নারী চিৎকার করেন। পরে তাঁরা পুলিশে খবর দেন। কবিরের মুখ সাদা কাপড় দিয়ে বাঁধা ছিল ও বুকে গুলির চিহ্ন ছিল বলে জানান আবদুল মান্নান।