ধানখেতে চোখ ওপড়ানো শিশুর লাশ
টাঙ্গাইল সদর উপজেলায় একটি ধানখেত থেকে এক চোখ উপড়ে ফেলা শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে গালা ইউনিয়নের ভাটচান্দা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম জুয়েল (৬)। সে ভাটচান্দা গ্রামের শহিদুর রহমানের ছেলে। শিশুটির এভাবে নিহত হওয়ার ব্যাপারে তার পরিবার, স্বজন বা পুলিশ কিছু বলতে পারছে না। বাবা-মাও কাউকে সন্দেহ করতে পারেননি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া বলেন, ভাটচান্দা কবরস্থান কমিটির উদ্যোগে গত শুক্রবার রাতে গ্রামে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। শিশু জুয়েলও সেখানে যায়। মাহফিল শেষে জুয়েল বাড়িতে না ফিরলে পরিবারের সদস্য ও গ্রামবাসী তাকে খোঁজা শুরু করে। সারা রাত তাকে খুঁজে পাওয়া যায়নি। গতকাল সকালে কিছু গ্রামবাসী একটি কবরস্থানের পাশে ধানখেতে জুয়েলের ডান চোখ উপড়ে ফেলা লাশ পড়ে থাকতে দেখেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
সন্তানের এমন মৃত্যুতে হতবাক জুয়েলের বাবা-মা। বাবা শহিদুর বলেন, কারও সঙ্গে তাঁদের শত্রুতা নেই। কারা এভাবে তাঁর সন্তানকে মেরে ফেলল, বুঝতে পারছেন না।
কয়েকজন গ্রামবাসী জানান, জুয়েলকে মাহফিল মঞ্চের পাশে রাত ১১টা পর্যন্ত তাঁরা দেখেছেন। তার বাবা-মা মঞ্চের অদূরে সন্ধ্যা থেকে চায়ের দোকান চালাচ্ছিলেন। মাহফিল শেষে রাত ১২টার দিকে জুয়েল বাড়ি না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়।
টাঙ্গাইল সদর থানার এসআই জাকির হোসেন বলেন, সুরতহালে শিশুটির ডান চোখ ওপড়ানো ছাড়া দেহে অন্য কোনো ক্ষতের চিহ্ন নেই।