ধানখেতে পাথর ভাঙার কল
চারদিকে ধানিজমি। এর মাঝখানে পাথর ভাঙার (স্টোন ক্রাশ) কল। ভাঙা পাথরের গুঁড়ো উড়ে গিয়ে পড়ছে ফসলি জমিতে। এর ফলে উর্বরতা কমাসহ কৃষিজমির প্রকৃতি বদলে যাওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ।
এভাবে ধানিজমিতে পরিবেশ সংরক্ষণ বিধিমালা লঙ্ঘন করে সিলেটের কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় ধানিজমিতে পাথর ভাঙা হচ্ছে। বিভিন্ন কোয়ারি থেকে উত্তোলন করা পাথর ভাঙার জন্য সিলেট-তামাবিল মহাসড়কেরপাশে জৈন্তাপুর থেকে জাফলং পর্যন্ত এলাকায় এসব কল বসানো হয়েছে।
জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসেন বলেন, ‘যে জমিতে এ কল স্থাপন হয়, সেখানকার স্বাভাবিক উর্বরতা কমে যাওয়ায় আর ফসল ফলানো যাবে না।Ñএটি পরীক্ষিত। আমাদের মাঠ পর্যবেক্ষণে সবচেয়ে বড় যে ক্ষতি আমরা দেখছি, সেটি হচ্ছে ভবিষ্যতের ক্ষতি। একটি কলে যখন পাথর ভাঙা হয়, তখন পাথরের গুঁড়ো গিয়ে আশপাশের জমির ধানের পাতায় আটকে থাকছে। এ অবস্থায় ধানের পাতার স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে।’
যেখানে-সেখানে গড়ে ওঠা এসব কল পরিবেশ ও জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতি করায় ২০১৩ সালে পরিবেশ ও বন মন্ত্রণালয় ‘পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ১৯৯৭ ও স্টোন ক্রাশিং মেশিন স্থাপন নীতিমালা (সংশোধিত ২০১৩)’ নামে একটি নীতিমালা করে।
পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, নীতিমালা অনুযায়ী পাথর ভাঙার কল স্থাপনের প্রথম শর্ত হচ্ছে, এ জন্য একটি অঞ্চল থাকতে হবে। কিন্তু গত তিন বছরেও এ অঞ্চল না গড়ায় সিলেটের ওই তিন উপজেলায় পাথর কোয়ারি এলাকা ঘিরে আড়াই হাজার কল স্থাপন করে পাথর ভাঙা চলছে। এসব কলে কোনোটিরই পরিবেশ ছাড়পত্র নেই। এর মধ্যে জাফলং ও জৈন্তাপুর এলাকায় রয়েছে হাজার খানেক পাথর ভাঙার কল।
এলাকার লোকজন বলেন, জৈন্তাপুরে বছর খানেক আগে তামাবিল মহাসড়কের আশপাশ এলাকায় পাথর ভাঙার কল থাকলেও এবার ধানিজমিতে কল বসানো হয়েছে। মহাসড়কের পাশে জায়গা না পেয়ে শুষ্ক মৌসুমের জন্য ধানিজমি ভাড়া নিয়ে কল স্থাপন করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, শুকনো মৌসুম সামনে রেখে বাংলাবাজার, আসামপুর ও শ্রীপুর এলাকার ১৩০টি কল রয়েছে। এর মধ্যে ৭৭টিই আমন ধানের খেতে। শ্রীপুর এলাকায় ধানখেতে তাজমহল, আল-কাদির ও আল-নুর স্টোন ক্রাশার নামের তিনটি কল রয়েছে।
এসব কল পরিচালনায় থাকা ছয়জন ব্যবসায়ী বলেন, ধানখেতে স্টোন ক্রাশ করলে জমির ক্ষতি হচ্ছে। তবে বিকল্প জায়গা না পাওয়ায় ষাণ্মাসিক চুক্তিতে ভাড়া নিয়ে ধানখেতে তাঁরা স্টোন ক্রাশ করছেন।
আসামপুর, শ্রীপুর ও বাংলাবাজার এলাকার ১৭ জন চাষি বলেন, জমির আশপাশে কল থাকায় পাথর ভাঙার গুঁড়ো গিয়ে জমিতে পড়ছে। এতে আগামী মৌসুমে ধান চাষের জমিতে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
কলের জন্য জমি ভাড়া দেওয়া আসামপুরের মোশাহিদ আলী বলেন, জমির কিছু ক্ষতি হয়। তবে ধান চাষ করে যে টাকা আয় হয়, তার চেয়ে কয়েক গুণ বেশি টাকা পাওয়ায় অনেকেই কলমালিকের কাছে গিয়ে জমি ভাড়া দিচ্ছেন।
জৈন্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ফারুক হোসেন বলেন, কৃষি বিভাগের মাঠ পর্যবেক্ষণে দেখা যায়, পাথর ভাঙার কল স্থাপনের প্রবণতা বাড়ছে। বিষয়টি উদ্বেগজনক। ক্ষতির দিকটি এখন হয়তো দেখা যাবে না। তবে ভবিষ্যতে পুরো এলাকার কৃষি-প্রকৃতি হারানোর আশঙ্কা রয়েছে। প্রশাসন ও কৃষক পর্যায়ে সচেতনতা ছাড়া এ অবস্থা মোকাবিলার কোনো পথ নেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘কৃষিজমিতে নতুন করে স্টোন ক্রাশার বসেনি। এসব জমি ব্যক্তিমালিকানাধীন হওয়ায় এ ব্যাপারে পদক্ষেপ নেওয়াটাও জটিল। তবে কৃষিজমি যাতে আগের মতো থাকে, নতুন করে স্টোন ক্রাশার মিল বসানো না হয়, সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে প্রচারণা চলানো হয়েছে। সরেজমিনে গিয়ে সামগ্রিক বিষয়ে কী ব্যবস্থা নেওয়া যায় দেখব।’