ধানখেতের সঙ্গে শত্রুতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলায় বিরোধের জের ধরে প্রতিপক্ষ এক কৃষকের দেড় একর খেতের ধানগাছ নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক গতকাল বৃহস্পতিবার স্থানীয় আকচা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের কাছে অভিযোগ দিয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, প্রায় ৩৬ বছর ধরে ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের কৃষক মসলিম উদ্দিন এলাকার দেড় একর জমি ভোগদখল করেছিলেন। কিছুদিন আগে তিনি ওই জমিতে আমন ধান লাগান। গতকাল সকালে তিনি খেতে গিয়ে দেখেন, ধান গোড়া থেকে তুলে ফেলা হয়েছে।
মসলিম উদ্দিন অভিযোগ করেন, জমি নিয়ে স্থানীয় জহিরুল ইসলাম, সাদেকুল ও সামাদের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। তাঁরাই ধান নষ্ট করে থাকতে পারেন। তিনি আরও বলেন, ‘কারও যদি শত্রুতা থাকে, তাহলে আমার সঙ্গে রয়েছে। ধানখেতের সঙ্গে শত্রুতা কেন, বুঝতে পারছি না।’
জহিরুল ইসলাম বলেন, ‘মসলিম উদ্দিনের সঙ্গে আমার একটা সমস্যা রয়েছে। এ কারণে খেত নষ্ট করার ঘটনায় তিনি আমাকে সন্দেহ করেছেন। তবে আমি এ ঘটনার সঙ্গে জড়িত নই।’