ধানমন্ডি ঈদগাহ মসজিদের খাদেমের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি ঈদগাহ মসজিদের খাদেমের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে মসজিদের খাদেমের ঘর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পুলিশের সন্দেহ, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

নিহত খাদেমের নাম দুলাল গাজী (৫৫)। ধানমন্ডি থানা ও পুলিশ সূত্রে জানা গেছে, গলায় গামছা প্যাঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। মসজিদের উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ করা অর্থ তাঁর ঘরেই রাখা থাকত। ঘরের আলমারি খোলা পাওয়া গেছে। চুরির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের ধারণা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খাদেমের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার রেজাউল করিম বলেছেন, ধারণা করা হচ্ছে, কে বা কারা মসজিদের তহবিলের টাকা চুরি করতে এসেছিল। চুরিকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে।