ধানমন্ডি লেক থেকে রেলমন্ত্রীর ভাইয়ের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে গতকাল রোববার সাবেক অতিরিক্ত সচিব এ বি এম আবদুল লতিফের (৭৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রেলমন্ত্রী মুজিবুল হকের ভাই।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানিয়েছেন, শনিবার রাতে হাঁটতে গিয়ে আর ফেরেননি তিনি। তাঁরা ধারণা করছেন, দুর্ঘটনাবশত পা পিছলে তিনি লেকের পানিতে পড়ে যেতে পারেন। কারও বিরুদ্ধে পরিবারের কোনো অভিযোগ নেই। এ কারণে বিনা ময়নাতদন্তে তাঁর লাশ দাফনের জন্য নিয়ে গেছেন পরিবারের সদস্যরা।
আবদুল লতিফ ২০০২ সালে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অবসরে যান। তাঁর তিন ছেলেমেয়ে। ছেলে সালমান লতিফ সাংবাদিকদের বলেন, প্রায়ই রাতে লেকের পাড়ে হাঁটতে যেতেন বাবা। শনিবার রাত নয়টার দিকে লেকের ধারে হাঁটতে বের হন তিনি। এর পর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। রাতে তাঁরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। সকালে সালমান ও তাঁর ভগ্নিপতি ধানমন্ডি থানায় অভিযোগ করতে যান। সে সময়ই লেকে একটি লাশ ভেসে ওঠার খবর আসে। এর পরে স্বজনেরা গিয়ে লাশ শনাক্ত করেন।
পুলিশ জানায়, গতকাল বেলা ১১টার দিকে জিগাতলা বিজিবি ফটকসংলগ্ন লেকে লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ঘটনাস্থল থেকে সরাসরি ধানমন্ডি ৫ নম্বর সড়কে তাঁর বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় থাকতেন তিনি।
খবর পেয়ে রেলমন্ত্রী মুজিবুল হক ঘটনাস্থলে আসেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, পরিবারের কাছে মৃত্যুটা দুর্ঘটনাবশত বলে মনে হয়েছে। তাই পরিবার ময়নাতদন্ত চাইছে না।
পুলিশের ধানমন্ডি অঞ্চলের সহকারী কমিশনার রেজাউল ইসলাম বলেন, আবদুল লতিফের কপালে ফোলা জখম ছাড়া আর কোনো চিহ্ন পাওয়া যায়নি। তাঁর এক হাতে মুঠোর মধ্যে শক্ত করে ঘাস ধরা ছিল। আবদুল লতিফের পকেটে কিছু খুচরো টাকাপয়সা পাওয়া গেছে। তবে তাঁর মুঠোফোনটি ও জুতা পাওয়া যায়নি।
ধানমন্ডি থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, নিখোঁজের বিষয়ে পরিবার জিডি করেছিল। লাশ উদ্ধারের পরে পুলিশ একটি জিডি করে।
গতকাল বেলা পৌনে দুইটার দিকে তাঁর ধানমন্ডির ৫ নম্বর সড়কের অ্যাপার্টমেন্টের নিচতলায় প্রথম জানাজা শেষে লাশ কুমিল্লার চৌদ্দগ্রামের বসুয়ারা গ্রামে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। আট ভাই ও এক বোনের মধ্যে আবদুল লতিফ ছিলেন সপ্তম।