ধানমন্ডিতে গুলিতে কলেজছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে দুর্বৃত্তদের গুলিতে মো. সজীব নামে এক কলেজছাত্র আহত হয়েছেন। ছিনতাই করার সময় বাধা দেওয়ায় সজীবকে গুলি করা হয় বলে জানিয়েছেন তাঁর চাচা। গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ সজীব (২১) কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের প্রথম বর্ষের ছাত্র।
সজীবের চাচা মেহের আলীর ভাষ্য, সজীবের নানা ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি হাসপাতালে নানার সঙ্গে ছিলেন। রাত সোয়া ১২টার দিকে হাসপাতালের সামনে দোকানে যান সজীব। সেখানে একটি পাজেরো গাড়ি থেকে নেমে কয়েকজন দুর্বৃত্ত তাঁকে ঘিরে ধরে। তাঁরা সজীবের কাছে থাকা সাত হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। পরে গাড়িতে উঠে যায়। এ সময় সজীব গাড়ির দরজা ধরে টানাহ্যাঁচড়া করতে থাকে। গাড়ির ভেতর থেকে একজন গুলি করে। গুলি সজীবের হাতে লাগে।
রাতেই গুলিবিদ্ধ সজীবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।