ধানমন্ডিতে চুরি হওয়া গয়না উদ্ধার হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পশ্চিম ধানমন্ডির একটি বাড়ি থেকে চুরি হওয়া ৩৫ ভরি সোনার গয়না এখনো উদ্ধার হয়নি। ভুক্তভোগী সুনীতা রায় মামলাটি গোয়েন্দা পুলিশের (ডিবি) মাধ্যমে পরিচালনার দাবি জানিয়েছেন।
গতকাল সোমবার সুনীতা রায় প্রথম আলোকে বলেন, ৮ ফেব্রুয়ারি মামলা হলেও পুলিশ এখনো কাউকেই গ্রেপ্তার করেনি। উল্টো আসামিরা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন। গত রোববার মধ্যরাতেও তাঁর বাসার দরজায় কয়েকজন লাথি দেন বলে তিনি জানান।
সুনীতা রায় জানান, সম্প্রতি পশ্চিম ধানমন্ডির ৮/এ সড়কের ভাড়া বাসা থেকে প্রায় ১৫ লাখ টাকার ৩৫ ভরি সোনার গয়না চুরি হয়। এ ঘটনায় সুনীতা বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে বাড়ির দুই তত্ত্বাবধানকারী রুবেল ও আবুল কালামকে সন্দেহভাজন হিসেবে উল্লেখ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, আসামিদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ না পাওয়ায় তাঁদের গ্রেপ্তার করা হয়নি। আসামিরা বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন—এমন তথ্য তাঁর জানা নেই বলে জানান।