ধানমন্ডিতে নার্সের অস্বাভাবিক মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালে এক নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তাঁর নাম নাজমুন নাহার অনিমা (৩১)। তিনি ধানমন্ডির গ্রিন রোডের ধানমন্ডি ক্লিনিকের নার্স ছিলেন। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন প্রথম আলোকে বলেন, আজ সকাল সাতটার দিকে পুলিশের একটি দল ধানমন্ডি ক্লিনিকে যায়। ক্লিনিকে কর্মচারীরা পুলিশকে জানান যে ক্লিনিকের একটি টয়লেটের দরজা ভেতর থেকে বন্ধ পাওয়া যায়। কোনো সাড়া-শব্দ না পাওয়ায় তাঁরা দরজা ভেঙে টয়লেটের মেঝের ওপর অনিমাকে মৃত অবস্থায় দেখতে পান। অনিমার পরনে ছিল নার্সের পোশাক। তবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
এসআই রিয়াজ বলেন, অনিমার লাশ মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পর তাঁর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।