ধানে বিষ দিয়ে ৪৫০টি হাঁস নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধানে বিষ দিয়ে ৪৫০টি হাঁস নিধন করেছে দুর্বৃত্তরা। উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের দরিদ্র আবদুল আজিজের খামারে গতকাল মঙ্গলবার এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয় লোকজন ও আবদুল আজিজ জানান, সংসারে সচ্ছলতা আনার স্বপ্ন নিয়ে আট মাস আগে তিনি ৮২০টি হাঁসের বাচ্চা কিনে গ্রামের ফসলি জমিতে খামার করেন। সপ্তাহ খানেক আগে থেকে চার শতাধিক হাঁস ডিম দেওয়া শুরু করেছে। এতে তাঁর আয়ও ভালো হচ্ছিল। প্রতিদিনের মতো গত মঙ্গলবার সকালে খামার থেকে তিনি হাঁসগুলো খোলা মাঠে (ধান কাটা জমি) ছেড়ে দেন। খামারের অদূরের জমিতে দুর্বৃত্তদের দেওয়া বিষ মেশানো ধান খেয়ে দুপুরের পর থেকে হাঁসগুলো এক এক করে মরতে থাকে। এভাবে সন্ধ্যার মধ্যে ৪৫০টি হাঁস মারা যায়।
আবদুল আজিজ বলেন, ‘এলাকায় আমার কোনো শত্রু নাই। কেডা এমনডা করল বুছতে পারতাছি না, আমার সর্বনাশ হইয়া গেছে।’
সৈয়দটুলা গ্রামের ইউপি সদস্য (৬ নম্বর ওয়ার্ড) মো. কাজল মিয়া বলেন, ‘আবদুল আজিজ সরল মানুষ। আমার জানামতে গ্রামে তাঁর কোনো শত্রু নেই। এটি পাকা ধানে মই দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার হওয়া প্রয়োজন।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মজিবুর রহমান বলেন, আবদুল আজিজের কাছ থেকে শুনে মনে হচ্ছে বিষ প্রয়োগে হাঁসগুলোকে মেরে ফেলা হয়েছে। বাকি হাঁসগুলোকে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। ক্ষতিগ্রস্ত লোকটিকে সহায়তা দেওয়ার চেষ্টা করব।’
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আরশাদ বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি, তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ দেয়নি।’