ধানের গোলার নিচে শিশুর লাশ, মা-বাবা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে ধানের গোলার নিচ থেকে ইসমাইল (৫) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে শিশুর বাবা রজব আলী ও মা রহিমা বেগমকে আটক করেছে মাধবপুর থানা-পুলিশ।

মাধবপুর থানা সূত্রে জানা গেছে, মাধবপুর পৌর এলাকার অধিবাসী রজব আলী তাঁর পাঁচ বছরের ছেলে ইসমাইলকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে গত শনিবার মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন । এদিকে আজ এলাকাবাসী দুর্গন্ধ পেয়ে থানাকে বিষয়টি জানান। এরপর বেলা ১টার দিকে পুলিশ রজব আলীর বাড়িতে যায়। সেখানে বসত ঘরে থাকা ধানের গোলার নিচে চাপা দেওয়া অবস্থায় ইসমাইলের লাশ পাওয়া যায়। এ খবর পেয়ে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম ঘটনাস্থলে যান। পরে পুলিশ লাশটি উদ্ধার করে মাধবপুর থানায় নিয়ে আসে। পাশাপাশি শিশুর মা-বাবাকে আটক করে।

শহীদুল ইসলাম প্রথম আলোকে জানান, লাশের ধরন দেখে মনে হয়েছে ওই শিশুকে হত্যা করা হয়েছে। মা-বাবার কথাবার্তায় অসংলগ্নতা খুঁজে পাওয়া যায়। তাই তাঁদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।