ধানের গোলায় কলেজছাত্রের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে একটি ধানের গোলা থেকে আজ বৃহস্পতিবার সকালে অনুজ কান্তি রায় (২১) নামের এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছিলেন। অনুজ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জগন্নাথপুর গ্রামের অখিল রায়ের ছেলে।

পুলিশ ও পরিবারের ভাষ্য, অনুজ কয়েক দিন আগে সিলেট থেকে বাড়িতে বেড়াতে যান। গতকাল বুধবার সিলেটে যাওয়ার কথা বলে বিকেলে বাড়ি থেকে বের হলেও রাত ১১টা পর্যন্ত গ্রামেই ছিলেন। অনেকে তাঁকে গ্রামের ভেতর একটি নগর কীর্তনে অংশ নিতে দেখেছেন। রাত ১১টার পর তাঁর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইলে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। আজ সকাল নয়টার দিকে এলাকাবাসী অনুজের লাশ জগন্নাথপুর গ্রামেরই একটি ধানের গোলায় দেখতে পান। গোলাটির মালিক একই গ্রামের শচীন্দ্র দাশ। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরিবারের সদস্যদের ধারণা, অনুজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে অনুজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা আধুনিক হাসপাতালে পাঠায়। অনুজের শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানায়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল বাতেন খান বলেন, অনুজের গলায় ও শরীরের কিছু অংশে জখমের চিহ্ন ছিল। নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ করা হয়নি।