খাদ্যমন্ত্রীকে স্মারকলিপি ওয়ার্কার্স পার্টির সাংসদদের
ধান-গম ক্রয়কেন্দ্রের দুর্নীতি বন্ধের দাবি
সরকারি ধান ও গম ক্রয়কেন্দ্রের দুর্নীতি ও সিন্ডিকেট বন্ধ এবং ভারত থেকে শুল্কমুক্ত চাল আমদানি বন্ধ করাসহ ছয় দফা দাবিতে খাদ্যমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন ওয়ার্কার্স পার্টির সাংসদেরা। গতকাল মঙ্গলবার দুপুরে ওয়ার্কার্স পার্টির সাংসদ ফজলে হোসেন বাদশার নেতৃত্বে ছয় সাংসদ সচিবালয়ে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের কাছে এ স্মারকলিপি দেন।
জাতীয় কৃষক সমিতির পক্ষে এই স্মারকলিপি দেওয়া হয়। স্মারকলিপি দেওয়ার পর সাংসদ ফজলে হোসেন প্রথম আলোকে বলেন, খাদ্যমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যদি কৃষকেরা সুযোগ-সুবিধা না পান, তাহলে কৃষক সমিতি আন্দোলনে যেতে বাধ্য হবে।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত অপর পাঁচ সাংসদ হলেন হাজেরা সুলতানা, মুস্তফা লুৎফুল্লাহ, শেখ হাফিজুর রহমান, ইয়াসিন আলী ও শেখ টিপু সুলতান। এ ছাড়া উপস্থিত ছিলেন কৃষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হাসান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
স্মারকলিপিতে বলা হয়, ১৪-দলীয় জোট সরকার ও প্রধানমন্ত্রী এ দেশের কৃষকের স্বার্থে বিশেষভাবে কৃষি শস্য উৎপাদনে কৃষকদের উৎসাহিত করছেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, কিছু মধ্যস্বত্বভোগী যাঁরা ক্রয়কেন্দ্রের দুর্নীতিবাজ কর্মকর্তা ও বিশেষ ক্ষমতাবান গোষ্ঠীর সহায়তায় সরকারি ক্রয়কেন্দ্রগুলো দখল করে কৃষকদের সরাসরি ওই সব কেন্দ্রে গিয়ে ধান ও গম বিক্রিতে বাধা দিচ্ছেন। পাশাপাশি কৃষকদের ধান ও গম কম মূল্যে কিনে নিচ্ছেন। ফলে কৃষকেরা বর্তমান সরকারি মূল্য অনুযায়ী ধানের ২২ টাকা কেজি দর ও গমে কেজিপ্রতি ২৮ টাকা দর কোথাও পাচ্ছেন না। এ ছাড়া সরকারের খাদ্যশস্য ক্রয়-বিক্রয়ে দ্বৈত নীতির ফলে বিনা শুল্কে ভারত থেকে চাল আমদানির অনুমতি দেওয়া হয়েছে, যে কারণে চালের বাজার পড়ে গেছে। কৃষকসহ ক্ষুদ্র, মাঝারি, চাতাল ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এসব সমাধানে ছয় দফা দাবি জানানো হয়েছে।
ছয় দফা দাবির অন্যগুলোর মধ্যে রয়েছে কৃষকদের কাছ থেকে সরাসরি সরকার নির্ধারিত ৮৮০ টাকা মণ দরে ধান এবং ১ হাজার ১২০ টাকা মণ দরে গম কেনা, ওজনে চুরি বন্ধ করা, সরকার ঘোষিত ধান ও গমের নির্ধারিত মূল্য প্রতিটি ইউনিয়নে মাইকিং করে প্রচার করা এবং কৃষকেরা যাতে কম পরিবহন খরচে তাঁদের ধান ও গম বিক্রি করতে পারেন, সে জন্য প্রতি ইউনিয়নে সরকারি ক্রয়কেন্দ্রের শাখা খোলা।