ধামইরহাটে ভাগনের হাতে মামা খুন
নওগাঁর ধামইরহাট উপজেলায় গতকাল সোমবার সকালে পারিবারিক কলহের জের ধরে ভাগনের ধারালো অস্ত্রের আঘাতে মামা কালিয়া ভুইয়া (৬০) গুরুতর আহত হন। বিকেলে তিনি হাসপাতালে মারা যান।
কালিয়া ভুইয়া উপজেলার পূর্ব তাহেরপুর গ্রামের বাসিন্দা।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে কালিয়া ও তাঁর ভাগনে অরুণ ভুইয়ার মধ্যে একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে অরুণ ভুইয়া হাঁসুয়া দিয়ে কালিয়ার বুকে সজোরে আঘাত করেন। এতে কালিয়া গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। এই হাসপাতালের মর্গে কালিয়ার লাশের ময়নাতদন্ত শেষে বিকেলেই তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনার পর গ্রামবাসী অরুণকে আটক করেন। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।
ধামইরহাট থানার ওসি আবদুস ছালাম গতকাল রাত সাড়ে নয়টার দিকে প্রথম আলোকে জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।