ধামইরহাটে শতাধিক কলাগাছ কর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর ধামইরহাটে এক কৃষকের অগভীর নলকূপের ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় মই দিয়ে খেতের আলু ও সরিষা নষ্ট করাসহ কেটে ফেলা হয় শতাধিক কলাগাছ। গত শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত কৃষক হামিদুল ইসলাম দাবি করেছেন। হামিদুল বলেন, দুই বিঘা জমি বর্গা নিয়ে তিনি আলু, সরিষা ও কলা চাষ করেছিলেন। শনিবার রাতে দুর্বৃত্তরা তাঁর ফসল মই দিয়ে নষ্ট করে এবং শতাধিক কলাগাছ কেটে ফেলে। এ সময় দুর্বৃত্তরা তাঁর অগভীর নলকূপের ঘরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘরটি পুড়ে যায়।
এ ঘটনায় হামিদুল ইসলাম বাদী হয়ে রোববার রাতে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আব্দুস সালাম জানান, গতকাল সোমবার অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে।