ধামরাই থেকে জেএমবির এহসার সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আটকের পর র‌্যাবের হাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এহসার সদস্য নাসিমুল ঈশান চৌধুরী
আটকের পর র‌্যাবের হাতে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এহসার সদস্য নাসিমুল ঈশান চৌধুরী

ঢাকার ধামরাই উপজেলা থেকে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এহসার সদস্য নাসিমুল ঈশান চৌধুরী ওরফে নাসিম ওরফে ঈশানকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গতকাল বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন র‌্যাব-১১ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম।

গ্রেপ্তার নাসিমুল সন্ত্রাসবিরোধী আইনে র‌্যাব-১১–এর রুজু করা ও তদন্তাধীন মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, নাসিমুলের বাড়ি বরিশাল জেলার সদর থানাধীন কাউনিয়া এলাকায়। ২০১৮ সালে তিনি গাজীপুরের একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিএসসি সম্পন্ন করেন। ২০১৪ সালে তিনি এইচএসসি ২য় বর্ষে অধ্যয়নকালে বরিশালের কতিপয় উগ্র মতাদর্শের ব্যক্তির সঙ্গে পরিচয় হয়। নাসিমুল উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে জেএমবিতে যোগদান করেন। জেএমবিতে যোগদানের পর থেকে তিনি জেএমবির দাওয়াতি কাজ করে আসছেন। এর পাশাপাশি তিনি ঢাকার ধামরাই এলাকার একটি ওষুধ কোম্পানিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নাসিমুল দেশি-বিদেশি বিভিন্ন জঙ্গি মতাদর্শের বক্তৃতা, প্রচারপত্র ও উগ্রবাদী লেখা ব্রাউজিং সাইটগুলোতে আপলোড দিতেন এবং তা নিজে পড়তেন। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তিনি শিক্ষিত ও সমমনা তরুণদের উগ্রবাদী মতাদর্শে উদ্বুদ্ধ করে আসছেন। নাসিমুল জানান, তিনি অন্য সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ গোপনে সংগঠিত হয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ও কারাবন্দী জেএমবির সদস্যদের মুক্ত করার পরিকল্পনা এবং সংগঠনের জন্য তহবিল সংগ্রহের জন্য বিভিন্ন অপতৎপরতা চালিয়ে যাচ্ছেন। নাসিমুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।