ধামরাইয়ে এক ব্যক্তি খুন, আশুলিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার
ঢাকার ধামরাই উপজেলায় স্ত্রীর হাতে মুগর আলী (৫০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। পুলিশ গতকাল শুক্রবার তাঁর স্ত্রী মালেকা বেগমকে গ্রেপ্তার করেছে। এদিকে আশুলিয়া থেকে এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
ধামরাই থানা-পুলিশ সূত্র জানায়, পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ধামরাই পৌর এলাকার শরীফবাগের মুগর আলীর সঙ্গে তাঁর দ্বিতীয় স্ত্রী মালেকার বাগ্বিতণ্ডা হয়। এরই একপর্যায়ে ওই গৃহবধূ স্বামীর মাথায় টর্চলাইট দিয়ে আঘাত করেন। এতে আঘাতপ্রাপ্ত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে মুগর বাড়িতেই ছিলেন। গতকাল ভোরে তাঁর অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মালেকাকে গ্রেপ্তার করে।
পুলিশ হেফাজতে মালেকা বলেন, প্রায়ই দাম্পত্য কলহের জের ধরে স্বামী তাঁকে মারধর করতেন। বৃহস্পতিবার রাতেও স্বামী মারধর করলে তিনিও ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা টর্চলাইট দিয়ে স্বামীকে আঘাত করেন।
ধামরাই থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের প্রথম পক্ষের ছেলে সোলায়মান গতকাল একটি হত্যা মামলা দায়ের করেছেন।
এদিকে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার একতলা একটি ভবনের তালাবদ্ধ একটি ঘর থেকে জিয়াসমিন (২৬) নামের এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আজাহারুল ইসলাম প্রতিবেশীদের বরাত দিয়ে বলেন, জিয়াসমিন স্বামী আলমগীর ও শ্বশুর-শাশুড়ি নিয়ে ওই বাড়িতে থাকতেন। বাড়ির মালিক আবদুস সবুর সৌদি আরবে থাকেন। ঈদের আগে অন্য ভাড়াটিয়াদের মতো ওই পরিবারটিও ঘরে তালা দিয়ে গ্রামে গেছে বলেই অন্য প্রতিবেশীরা জানত। গতকাল ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয় ব্যক্তিরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে জানালার সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।