ধামরাইয়ে দুই বাড়িতে ডাকাতি আহত ১৮
ঢাকার ধামরাইয়ের চৈন্না ও কাছইর গ্রামে গত সোমবার রাতে দুই বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ১৮ জন আহত হয়েছে। ডাকাতেরা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।
ধামরাই থানা-পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার রাত দুইটার দিকে একদল ডাকাত চৈন্না গ্রামের অনিল সরকারের বাড়িতে হানা দেয়। একপর্যায়ে বাড়ির লোকজন চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে যায়। এ সময় ডাকাতেরা গৃহকর্তা অনিল সরকার ও তাঁর স্ত্রী মিতা সরকার এবং ভাই জীবন সরকারসহ এলাকার আরও পাঁচজনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
চৈন্না গ্রামে ডাকাতি করে পালানোর পথে ডাকাতেরা পাশের কাছইর গ্রামের শুকুর আলীর বাড়িতে হানা দিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে করে। এ সময় বাড়ির লোকজন চিৎকার দিলে আশপাশের বাড়ির লোকজন ডাকাতদের ঘিরে ফেলেন। এ সময় ডাকাতেরা গ্রামবাসীদের কুপিয়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যান। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে এলাকার অন্তত ১০ জন আহত হন।