ধামরাইয়ে মেলার নামে লটারি ও অশ্লীল নৃত্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত মেলায় পুতুলনাচ ও সার্কাসের নামে চলছে অশ্লীল নৃত্য। সেই সঙ্গে চলছে লটারি। প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে বসে লটারির আসর। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত চলে অশ্লীল নৃত্য।
খোঁজ নিয়ে জানা গেছে, অন্যান্য বছরের মতো এবারও রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে গত ১৮ জুলাই ধামরাইয়ে মেলার আয়োজন করা হয়। এরপর থেকে মেলা প্রাঙ্গণে লটারির পাশাপাশি পুতুলনাচ ও সার্কাসের নামে চলছে অশ্লীল নৃত্য।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ধামরাইয়ের সর্বত্র বিক্রি করা হয় ২০ টাকা মূল্যের লটারি। মোটরসাইকেল ও টেলিভিশনসহ বিভিন্ন ধরনের পুরস্কারের প্রলোভনে লোকজন লটারি সংগ্রহ করে সন্ধ্যায় মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়। লটারির ড্র অনুষ্ঠিত হওয়ার পর তাদের অনেকেই ঢোকে পুতুলনাচ ও সার্কাস দেখতে। এরপর তাদের আকৃষ্ট করতে সেখানে শুরু হয় অশ্লীল নৃত্য।
গত মঙ্গলবার রাতে মন্দিরের সামনে খোলা মাঠের একপাশে সার্কাস এবং অন্য পাশে পুতুলনাচের নামে নারীদের নাচতে দেখা যায়। তখন মাঠের মাঝে চলছিল লটারির ড্র। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে পুতুলনাচ ও সার্কাসের আসরে। এরপর শুরু হয় অশ্লীল নৃত্য।
মেলায় আসা ব্যবসায়ী কাউসার আহাম্মেদ বলেন, মেলা শুরু হওয়ার পর থেকে তিনি প্রতিদিন ১০ থেকে ১৫টি করে লটারি কিনেছেন। কিন্তু একদিনও তাঁর ভাগ্যে পুরস্কার জোটেনি। ধামরাই পৌর এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন বলেন, মাইকের উচ্চ শব্দে রাতে ঘুম হয় না। পাশাপাশি ছেলেমেয়েদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। অশ্লীল নৃত্যের কারণে যুব ও তরুণসমাজ বিপথগামী হচ্ছে।
লটারি পরিচালনার দায়িত্বে থাকা মঞ্জুরুল ইসলাম বলেন, প্রতিদিন তাঁদের আড়াই থেকে তিন লাখ টাকার লটারি বিক্রি হয়। এই টাকা থেকেই পুরস্কার দেওয়া হয়। এর বড় একটা অংশ দিতে হয় মেলার আয়োজকদের। পুলিশি ঝামেলাও তাঁরাই মেটান।
সার্কাস পরিচালনার দায়িত্বে থাকা হাবিবুর রহমান বলেন, ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোয়াদ্দেস হোসেনসহ মেলার আয়োজকদের অনুমতি নিয়েই সার্কাসের সঙ্গে নাচ দেখানোর আয়োজন করেছেন তিনি। এ জন্য তাঁদের (আয়োজক) সঙ্গে এক মাসে প্রায় পাঁচ লাখ টাকার চুক্তি হয়েছে। তবে অশ্লীল নৃত্যের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
মোয়াদ্দেস হোসেনের সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করেও গতকাল তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর মুঠোফোনে ফোন দিয়ে বন্ধ পাওয়া যায়।
তবে মেলা উদ্বোধনের পরদিন লটারি ও অশ্লীল নৃত্যের বিষয়ে মোয়াদ্দেস বলেছিলেন, ইজারার খরচ ওঠানোর জন্য তাঁদের এসবের আয়োজন করতে হয়েছে। এ জন্য ঘাটে ঘাটে তাঁদের টাকা দিতে হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এক সাংসদের ঘনিষ্ঠজনেরা এসবের আয়োজন করেছেন। এ কারণে সব জানার পরও কোনো ব্যবস্থা নিতে পারছেন না তাঁরা।
ইউএনও) সৈয়দ শরীফুল ইসলাম বলেন, ‘মেলায় লটারি ও অশ্লীল নৃত্যের বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’