ধামরাইয়ে সড়কে গাছ ফেলে ডাকাতি
ঢাকার ধামরাইয়ের খাগুর্তা ও নান্দেশ্বরী এলাকায় গতকাল বৃহস্পতিবার ভোরে ঢাকা-সাটুরিয়া সড়কে গাছের গুঁড়ি ফেলে বেশ কিছু যানবাহনে ডাকাতি করা হয়েছে। ওই সব যানবাহনে করে ব্যবসায়ীরা উপজেলার কালামপুর হাটে যাচ্ছিলেন।
ডাকাতির শিকার কয়েকজন ব্যবসায়ী বলেন, সরিষা কেনার জন্য তাঁরাসহ আরও কয়েকজন ব্যবসায়ী সিএনজিচালিত একাধিক অটোরিকশায় কালামপুর হাটে যাচ্ছিলেন। তাঁদের বহনকারী অটোরিকশাগুলো ভোর চারটার দিকে ঢাকা-সাটুরিয়া সড়কে খাগুর্তা এলাকায় পৌঁছালে ডাকতদের বাধার মুখে পড়ে। ডাকাতেরা আগে থেকেই সেখানে গাছের গুঁড়ি ও বালুর বস্তা ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখে। সেখানে ১০ জনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে অন্তত ১০ লাখ টাকাসহ কয়েকটি মুঠোফোন লুটে নিয়ে যায়।
আমজাদ হোসেন নামের এক ব্যবসায়ী বলেন, ডাকাতেরা ওই এলাকায় অন্তত ছয়টি অটোরিকশায় ডাকাতি করে। তাঁর পরিচিত ধামরাইয়ের ধানতারা এলাকার ব্যবসায়ী হেলাল উদ্দিনের কাছ থেকে প্রায় আড়াই লাখ, জালসা গ্রামের আলাউদ্দিনের কাছ থেকে ৫০ হাজার এবং টোপের বাড়ির এসামুদ্দিনের কাছ থেকে কয়েক হাজার টাকা লুটে নেয়। তবে তাঁকে বহনকারী অটোরিকশাটি পেছনের দিকে থাকায় তিনি লুকিয়ে পড়েন। এতে তিনি ডাকাতদের হাত থেকে রক্ষা পান। লুটপাট শেষে ডাকাতেরা একটি মাইক্রোবাসে করে সাটুরিয়ার দিকে চলে যায়। ডাকাতদের সবাই হাফপ্যান্ট পরা ছিল বলে জানান তিনি। ব্যবসায়ীদের একজন বলেন, কালামপুর হাটে ভোর পাঁচটা থেকে সরিষা বেচা-কেনা শুরু হয়। এ কারণে ভোর হওয়ার আগেই তাঁরা হাটে যাচ্ছিলেন।
একই দিন ভোর পৌনে পাঁচটার দিকে নান্দেশ্বরী এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতেরা কয়েকটি যানবাহন থেকে অর্থ ও মুঠোফোন সেট লুটে নেয় বলে জানা গেছে। ধামরাইয়ের কাওয়ালিপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আশরাফ উদ্দিন খান বলেন, দুর্বৃত্তরা নান্দেশ্বরী এলাকায় গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টা করে। খবর পেয়ে পুলিশের টহল দল সেখানে গেলে ডাকাতেরা পালিয়ে যায়। তবে খাগুর্তা এলাকায় ডাকাতির বিষয়টি তাঁর জানা নেই। তবে ডাকাতির শিকার এক ব্যবসায়ী বলেন, ঘটনার পরপরই এসআই আশরাফ উদ্দিনকে বিষয়টি জানানো হয়। কিন্তু পুলিশ সেখানে পৌঁছানোর আগেই ডাকাতেরা চলে যায়।
জানতে চাইলে ধামরাই থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, খাগুর্তা এলাকায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা করা হয়। কিন্তু ডাকাতি করতে পারেনি দুর্বৃত্তরা।