ধামরাইয়ে ৯৫টির মধ্যে ৭৯টি ইটভাটাই অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় গত বছর ঢাকার ধামরাই উপজেলার শ্রীরামপুর ভাটারাখোলা এলাকার প্রায় ১০০ বিঘা জমির বোরোর আবাদ ঘরে তুলতে পারেননি কৃষকেরা। ধানের শিষ হলেও পাকার আগেই তা পুড়ে নষ্ট হয়ে যায়। একই কারণে বছর দুয়েক আগে নষ্ট হয় উপজেলার ঘোড়াকান্দা ও ডাউটিয়া এলাকায় প্রায় ১২০ বিঘা জমির বোরো ও ভুট্টার আবাদ।
ভাটারাখোলা এলাকার কৃষক সাখাওয়াত হোসেন ও গণেশ চন্দ্র সরকার বলেন, আবাদ নষ্ট হওয়ায় তাঁরা ইটভাটা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ করেছিলেন। এর পরও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভাটা বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
উপজেলা প্রশাসনের হিসাব অনুযায়ী, ধামরাইয়ে ইটভাটার সংখ্যা ৯৫টি। এর মধ্যে জেলা প্রশাসনের অনুমোদন রয়েছে মাত্র ১৬টির। তথ্য অধিকার আইনে আবেদন করে এসব তথ্য পাওয়া যায়।
গত বছরের ১৯ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে ওই উপজেলার বৈধ ও অবৈধ ইটভাটা-সংক্রান্ত তথ্য চেয়ে আবেদন করা হয়। যথাসময়ে তথ্য না পেয়ে ওই বছর ২৯ ডিসেম্বর আপিল করা হয় ঢাকার জেলা প্রশাসকের কাছে। এর পরপরই ইউএনওর কার্যালয় থেকে চাহিদামতো সব তথ্য সরবরাহ করা হয়।
সরবরাহ করা সব তথ্য সরেজমিনে যাচাই-বাছাইকালে ধামরাইয়ে সব কটি ইটভাটাই বসতবাড়ি এলাকায় তিন ফসলি জমির ওপর স্থাপন করতে দেখা যায়। অনেক ভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়াতেও দেখা যায়।
অথচ বসতবাড়ি এলাকায় এবং তিন ফসলি জমিতে ইটভাটা স্থাপন করা ‘ভাটা স্থাপন ও ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’-এর পরিপন্থী। ওই আইনে ভাটায় কাঠ পোড়ানো নিষিদ্ধ ও ভাটা স্থাপনের আগে জেলা প্রশাসনের অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু ধামরাইয়ে ভাটার মালিকেরা এসব নিয়মের কোনো তোয়াক্কা করছেন না।
জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই ইট পোড়ানো হচ্ছে ধামরাইয়ের নবগ্রাম এলাকার শাপলা ব্রিকসে। এটি স্থাপন করা হয়েছে তিন ফসলি জমির ওপর। অথচ স্থানীয় কুশুরা ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ভাটা স্থাপনের আগে দেওয়া অনাপত্তিপত্রে জমির ধরন দেখানো হয়েছে এক ফসলি।
জানতে চাইলে ইউপি চেয়ারম্যান জামিল হোসেন বলেন, ‘আমার ইউনিয়নে সব জমিই এক ফসলি। এ কারণে ভাটাগুলোকে অনাপত্তিপত্র দেওয়া হয়েছে।’
ভাটার মালিক ইন্তাজ আলী বলেন, অনুমোদের অপেক্ষায় থেকে শর্ত মেনে ইটভাটা চালানো সম্ভব নয়। তবে ঝামেলামুক্ত থাকতে প্রতিবছর ভাটাপ্রতি ৩০ হাজার টাকা চাঁদা দিতে হয় মালিক সমিতিকে।
শ্রীরামপুর ভাটারাখোলা এলাকায় আট একরের বেশি জমির ওপর স্থাপিত মেসার্স বেইজ ব্রিকস ভাটার অবস্থান বসতবাড়ির ১০০ থেকে ১৫০ গজরে মধ্যে। এর পরও ২০১২ সালে ভাটা দুটিকে পরিবেশগত ছাড়পত্র দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলার উপপরিচালকের কার্যালয় থেকে দেওয়া ওই ছাড়পত্রে ২১টি শর্ত দেওয়া হলেও সরেজমিনে কোনো শর্তেরই বাস্তবায়ন চোখে পড়েনি। ওই সব শর্তে পরিবেশদূষণের পরিপন্থী কর্মকাণ্ডসহ দুই একরের বেশি জমি ব্যবহার করতে বারণ করা হলেও ধামরাইয়ের ভাটাগুলোতে তা মানা হচ্ছে না।
একই ধরনের অনিয়ম চোখে পড়ে ঘোড়াকান্দা এলাকার কয়েকটি ইটভাটার ক্ষেত্রেও। ওই এলাকায় বসতবাড়ি ঘেঁষে তিন ফসলি জমির ওপর গড়ে ওঠা সিকো ব্রিকস নামের একটি ভাটাসহ অন্য ভাটাগুলোরও অনুমোদন নেই।
ওই এলাকার কৃষক তারা মিয়া জানান, ভাটার কারণে ফসলের উৎপাদন কমে যাওয়ায় তাঁর ২৬ শতাংশ জমি সিকো ব্রিকসের কাছে ভাড়া দিয়েছেন।
জানতে চাইলে সিকো ব্রিকসের ব্যবস্থাপক উত্তম সূত্রধর বলেন, ‘অনুমোদন আছে কি নাই, তা দেখার অধিকার সাংবাদিকদের আছে কি? আর অনুমোদন না থাকলেও ইউনিয়ন পরিষদকে বছরে ৪১ হাজার আর ভাটা মালিক সমিতিকে বছরে ৩০ হাজার টাকা চাঁদা দেওয়া হয়েছে। তাই কোনো সমস্যা হওয়ার কথা নয়।’
ধামরাই উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুর রশীদ বলেন, আমলাতান্ত্রিক জটিলতা আর অবস্থানগত কারণে অনুমোদন ছাড়াই ইট পোড়াতে হচ্ছে। চাঁদা নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, চাঁদায় সমিতির খরচ আর জাতীয় দিবসগুলোতে উপজেলা প্রশাসনকে অনুদান দেওয়া হয়।
ভাটা স্থাপন ও ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অমান্য করে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে হাইকোর্টের নির্দেশনা থাকার পরেও ভাটা বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, জানতে চাইলে ইউএনও এস এম রফিকুল ইসলাম বলেন, ইতিমধ্যে কয়েকটি অবৈধ ভাটায় অভিযান চালিয়ে জরিমানা করে সতর্ক করে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও পদক্ষেপ নেওয়া হবে।