ধামরাইয়ে উল্টো রথযাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা (ফাইল ছবি)
ধামরাইয়ের ঐতিহ্যবাহী রথযাত্রা (ফাইল ছবি)

ঢাকার অদূরে ধামরাইয়ে উল্টো রথযাত্রায় জঙ্গি হামলার পরিকল্পনার সুনির্দিষ্ট তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই নিরাপত্তা জোরদার করার পাশাপাশি রথযাত্রা উপলক্ষে আয়োজিত মেলার দোকানপাট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কাল সোমবার ওই রথযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম বলেন, ‘উল্টো রথযাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে আমরা সুনির্দিষ্ট তথ্য পেয়েছি। কোথায়, কীভাবে এই হামলার তৎপরতা চালানো হচ্ছে, তার নিশ্চিত তথ্য পাওয়া গেছে। সেই হামলা ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আর এ কারণেই মেলার দোকানপাট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

এদিকে এতিহ্যবাহী এই রথযাত্রায় জঙ্গি হামলার আশঙ্কার বিষয়টি জানাজানি হওয়ার পর এ উৎসবের আমেজ অনেকটাই ম্লান হয়ে গেছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে চাপা আতঙ্ক বিরাজ করছে।