ধামরাইয়ে কৃষকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলা থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, ওই কৃষককে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, অসুস্থতার কারণে হঠাৎ মৃত্যু হতে পারে। মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই।

গতকাল মঙ্গলবার রাতে ধামরাই পৌর এলাকার চন্দাইল কবরস্থানের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার করা হয়।

মৃত কৃষকের নাম শমেজ উদ্দীন (৫৫)। তাঁর বাড়ি চন্দাইল এলাকায়।

মৃত শমেজ উদ্দীনের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাত নয়টার দিকে হানিফ (৫০) নামে আরেক কৃষক তাঁকে ডেকে নিয়ে যান। এর কিছুক্ষণ পর অচেনা এক নম্বর থেকে ফোন আসে। পরিবারকে জানানো হয়, কবরস্থানের পাশে শমেজ উদ্দীন সংজ্ঞাহীন পড়ে আছেন। পরিবারের লোকজন সেখানে পৌঁছানো মাত্র তিনজন লোক দৌড়ে পালিয়ে যান। পরিবারের লোকজন সেখান থেকে শমেজ উদ্দীনকে উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় হানিফকে আটক করা হয়েছে।

তবে এটি হত্যাকাণ্ড নয় বলে দাবি করছে পুলিশ। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, প্রাথমিক আলামতে এটিকে হত্যাকাণ্ড নয়, স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে। অসুস্থতার কারণে হয়তো মারা গেছেন। মরদেহের শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

সে ক্ষেত্রে হানিফকে আটক করা হয়েছে কেন জানতে চাইলে ওসি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে।