ধামরাইয়ে গৃহবধূকে গলা কেটে হত্যা
ঢাকার ধামরাইয়ে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে স্বামী তাঁকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার কালামপুর বড় মসজিদপাড়া গ্রামে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে।
ওই গৃহবধূর নাম শাবনাজ আক্তার। তিনি কালামপুর বড় মসজিদপাড়ার শরীফুল ইসলামের মেয়ে।
ধামরাই থানার পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বছর ছয়েক আগে কুষ্টিয়া সদর উপজেলার জানু মিয়ার ছেলে লিটন মিয়ার (২৮) সঙ্গে শাবনাজের বিয়ে হয়। বিয়ের তিন বছর পর তাঁদের মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এর জের ধরে শাবনাজকে হত্যা করে পালিয়ে যান লিটন।
শরীফুল ইসলাম বলেন, বিয়ের পর থেকে জামাতা লিটন ও মেয়ে শাবনাজ তাঁদের বাড়িতেই থাকতেন। তাঁরা দুজনই পোশাক কারখানায় চাকরি করতেন। কয়েক বছর ধরে নানা কারণে তাঁদের মধ্যে কলহ লেগেই থাকত। কলহের জের ধরে শনিবার রাত ১০টার দিকে লিটন তাঁর মেয়েকে গলা কেটে হত্যা করেন।