ধামরাইয়ে ডাকাতের হামলায় গৃহকর্তা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে ডাকাতের হামলায় শহীদুল্লাহ (৬৫) নামে এক গৃহকর্তা নিহত হয়েছেন। ধামরাই পৌর এলাকার লাকুড়িয়াপাড়ায় গতকাল সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি, শহীদুল্লাহ ডাকাতের গুলিতে মারা গেছেন। কিন্তু পুলিশ বলছে, তিনি শাবলের আঘাতে মারা গেছেন।
নিহতের মেয়ে সুলতানা রাজিয়া বলেন, ভোর চারটার দিকে চার-পাঁচজন ডাকাত তাঁদের একতলা বাড়ির কেঁচিগেটের তালা ভেঙে ভেতরে ঢোকে। এরপর তারা তাঁর কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে মালামাল লুট করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তাঁর (রাজিয়া) চিৎকারে পাশের ঘরে থাকা তাঁর বাবা ও ভাইয়েরা বেরিয়ে আসেন। তাঁদের আসার শব্দ শুনে ডাকাতেরা ঘরের বাইরে চলে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের ছেলে সম্রাট আলাউদ্দিন বলেন, বোনের চিৎকারে তাঁর বাবা তাঁর কক্ষের দরজা খুলে প্রথমে বের হন। এর পরই তাঁরা দুই ভাই বের হন। এ সময় ডাকাতেরা কেঁচিগেটের বাইরে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তাঁর বাবা ডাকাতদের ধাওয়া করে কেঁচিগেটের বাইরে চলে যান। এ সময় ডাকাতেরা তাঁর বাবাকে গুলি করে পালিয়ে যায়।
প্রতিবেশী আরফান হোসেনসহ কয়েকজন বলেন, ডাকাতেরা চলে যাওয়ার পর তাঁরা টের পেয়ে ওই বাড়িতে যান। তখন শহীদুল্লাহ অচেতন অবস্থায় বাড়ির উঠানে পড়ে ছিলেন। পরে তাঁরা গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এনাম মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে ভোর পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন। পরে সেখান থেকে তাঁর লাশ বাড়িতে নিয়ে আসা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ডাকাতি, না হত্যার উদ্দেশ্যে দুর্বৃত্তরা ওই বাড়িতে গিয়ে শহীদুল্লাহকে খুন করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিক তদন্তে মনে হয়েছে, শাবলের আঘাতে তিনি (শহীদুল্লাহ) মারা গেছেন। খবর পেয়ে গতকাল সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।